সরকার গঠন করতে কংগ্রেসের সাহায্য চান থালাপতি বিজয়

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:৪৩ এএম, ০৬ মে ২০২৬
তামিলাগা ভেট্রি কাজাগাম-টিভিকে দলের প্রধান সাবেক অভিনেতা থালাপতি বিজয়/ছবি: পিটিআই

তামিলাগা ভেট্রি কাজাগাম-টিভিকে দলের প্রধান সাবেক অভিনেতা থালাপতি বিজয় তামিলনাড়ুতে সরকার গঠনের জন্য এবার কংগ্রেসের সমর্থন চেয়েছেন বলে জানিয়েছেন কংগ্রেস নেতা কে সি ভেনুগোপাল। এবারের নির্বাচনে বিজয়ের দল ১০৮টি আসনে জয়লাভ করেছে। তবে, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮টি আসন পায়নি কোনো দলই। এতে করে সেখানকার রাজনৈতিক পরিস্থিতিতে অনিশ্চয়তা ও তীব্র দর কষাকষির আশঙ্কা তৈরি হয়েছে।

মঙ্গলবার (৫ মে) ভেনুগোপাল বলেন, কংগ্রেসের তামিলনাড়ু ইউনিট এ ব্যপারে আগামীকাল আলোচনায় বসবে। তিনি উল্লেখ করেন, দল এই রাজ্যে বিজেপিকে ক্ষমতায় দেখতে চায় না, কারণ শুরু থেকেই তাদের ম্যান্ডেট ছিল একটি সেক্যুলার সরকার গঠনের।

এছাড়াও বিভিন্ন সূত্রমতে জানা গেছে, কংগ্রেস বিজয়ের তামিলাগা ভেট্রি কাজাগামকে সমর্থন করবে এবং এ ব্যাপারে দলের কেন্দ্র থেকে রাজ্য ইউনিটকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে।

এদিকে তামিলনাড়ু কংগ্রেসের ইনচার্জ গিরিশ চোরানকার নিশ্চিত করেছেন যে, থালাপতি বিজয় সমর্থন চেয়ে কংগ্রেস প্রধানকে চিঠি দিয়েছেন।

তিনি বলেন, আমরা এটা বিবেচনা করছি। আমাদের ফলাফল খুব একটা ভালো ছিল না। বিজয়ের প্রতি ব্যাপক সমর্থন ছিল। তিনি তরুণ এবং নারীদের ভোট পেয়েছেন। ম্যান্ডেটও সেক্যুলার সরকার গঠনের পক্ষে।

সূত্র: এনডিটিভি

এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।