আলোচনায় এগিয়ে ‘প্রেশার কুকার’ ছবির গান ‘বড়াই করে’
এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত আলোচিত সিনেমাগুলোর মধ্যে অন্যতম ‘প্রেশার কুকার’। পরিচালক রায়হান রাফীর এই সিনেমা ইতোমধ্যেই দর্শকদের হলে টানছে। ছবিটির গল্পের পাশাপাশি এর একটি গান ‘বড়াই করে’ সামাজিক মাধ্যমে বেশ সাড়া ফেলেছে।
মুক্তির পর থেকেই গানটি ইউটিউব ও বিভিন্ন প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে। নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে।
এবারের ঈদে মোট পাঁচটি সিনেমা মুক্তি পেয়েছে। সেই ছবিগুলোর অনেক গানই প্রকাশ হয়েছে। তবে আলাদা করে নজর কেড়েছে ‘বড়াই করে’ গানটি।
এ গানের কথা ও সুর করেছেন শিল্পী অঙ্কন কুমার নিজেই। সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব। গানটি নিয়ে অঙ্কন কুমার বলেন, ‘গানটির জন্য খুব অর্গানিক সাড়া পাচ্ছি। সামাজিক মাধ্যমে অনেকেই শেয়ার করছেন, ইতিবাচক মন্তব্য করছেন। এটা সত্যিই ভালো লাগছে।’
ইউটিউবেও গানটি নিয়ে উচ্ছ্বাস দেখা যাচ্ছে। এক দর্শক মন্তব্য করেছেন, ‘সম্ভবত বছরের সেরা গান।’
আরেকজন লিখেছেন, ‘গানটি শুনে আবেগাপ্লুত হয়ে পড়েছি।’
‘প্রেশার কুকার’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছেন ফরিদুর রেজা সাগর ও পরিচালক রায়হান রাফী। এটি কানন ফিল্মস ও ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে মুক্তি পেয়েছে।
নারীকেন্দ্রিক এই ছবিতে অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, আজিজুল হাকিম ও ফারজানা ছবি।
সব মিলিয়ে, ঈদের সিনেমা দৌড়ে ‘প্রেশার কুকার’ যেমন দর্শক টানছে, তেমনি এর গান ‘বড়াই করে’ আলাদাভাবে জায়গা করে নিচ্ছে দর্শকের মনে।
এলআইএ