তুলে নিলেন শসা-করলা, কলাও ছুঁয়ে দেখলেন জয়া

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৩:০৭ পিএম, ২৫ মার্চ ২০২৬
তুলে নিলেন শসা-করলা, কলাও ছুঁয়ে দেখলেন জয়া

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তিনি মানেই পর্দায় চমক। তবে ব্যক্তি জীবনেও জয়া একজন গুছানো, মানবিক মানুষ। তাকে সরব দেখা যায় দেশের নানা ক্রান্তিলগ্নে। তিনি প্রাণীদের পাশে থাকেন হৃদয় ভরা মমতা নিয়ে।

শখের বশে করেন বাগানও। সেখানে আছে ফুল, ফল ও বাহারি সবজির সমাহার। অভিনেত্রী তার নিজ হাতে গড়া বাগানে পরম মমতায় সবজি ও গাছগুলো জীবন্ত করে রাখেন। প্রায়ই ভিডিও দিয়ে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন সবজি বাগান থেকে নানা সবজি তোলার আনন্দ।

সম্প্রতি তিনি একটি ভিডিও প্রকাশ করেছেন। সেই ভিডিওতে দেখা যায়, জয়া তার বাগানে হ্যাট পরিধান করে, সাধারণ পোশাকে একেবারে প্রকৃতির সঙ্গে মিলেমিশে খোশ মেজাজে সময় কাটাচ্ছেন। কখনও লতানো গাছ থেকে শসা তুলছেন, করলা তুলছেন। কখনও কলার থোড়া ছুঁয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন। নিজের শ্রমের ফল যখন চোখের সামনে বড় হয়ে ওঠে, সেই তৃপ্তি জয়ার হাসিতেই স্পষ্ট ছিল।

ভক্তরা মন্তব্যে লিখছেন, ‌‘জয়ার বাগান যেন এক জাদুর দেশ।’

ছাদ বা বারান্দার এই সবুজ অরণ্যে তিনি শুধু শখের বশে গাছ লাগান না, নিয়মিত মাটি প্রস্তুতি থেকে চারা রোপণ এবং পরিচর্যা পর্যন্ত সবই নিজের হাতে করেন। নাগরিক জীবনের ব্যস্ততা ভুলে ভক্তরা ভিডিওতে দেখতে পাচ্ছেন জয়া যেন এক ছোট্ট সবুজ রাজকন্যা, যে তার রাজ্যে সবজি ও ফুলের সঙ্গে গল্প করেন।

এই বাগানপ্রেম শুধু তার জন্য নয়, ভক্তদের মাঝেও সবুজায়নের প্রতি আগ্রহ জন্মাচ্ছে। অনেকেই তার এই উদ্যোগকে ‘জয়ার যাদুকরী ছোঁয়া’ বলছেন।

 

এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।