৫৪ বছরে ২৩০ সিনেমা, ৭৭ বছরেও প্রাণবন্ত আলমগীর

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫১ পিএম, ০৩ এপ্রিল ২০২৬
৫৪ বছরে ২৩০ সিনেমা, ৭৭ বছরেও প্রাণবন্ত আলমগীর

বাংলা চলচ্চিত্রের বরেণ্য অভিনেতা আলমগীর আজ ৭৭ বছরে পা দিলেন। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্র উপহার দেওয়া এই গুণী শিল্পী এখনও সমানভাবে প্রাসঙ্গিক ও সক্রিয়।

বিশেষ এই দিনটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে ‘চলচ্চিত্র দিবস’-এর সঙ্গে মিলে যাওয়ায়। দিনটি উপলক্ষে মাছরাঙা টেলিভিশন আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠান ‘স্টার নাইট’। আজ শুক্রবার রাত ৯টা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানের নতুন মৌসুমের প্রথম পর্বের অতিথি হিসেবে থাকছেন আলমগীর।

রুম্মান রশীদ খানের গ্রন্থনা ও মৌসুমী মৌয়ের সঞ্চালনায় নির্মিত এই অনুষ্ঠানে আলমগীরকে ঘিরে থাকছে নানা চমক। তার পরিবার, সহকর্মী ও ঘনিষ্ঠজনরা পাঠিয়েছেন শুভেচ্ছা বার্তা, যা অনুষ্ঠানে তুলে ধরা হবে।

জন্মদিনে নিজের প্রত্যাশা জানাতে গিয়ে আলমগীর বলেন, দেশকে ভালোবাসা ও গড়ে তোলার দায়িত্ব সবার। তার এই বার্তা যেন নতুন প্রজন্মের জন্যও এক অনুপ্রেরণা।

প্রায় ৫৪ বছরের ক্যারিয়ারে ২৩০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন আলমগীর। শাবানা, কবরী, ববিতা, রোজিনা থেকে শুরু সমসাময়িক প্রায় সব অভিনেত্রীদের সঙ্গে জুটি হয়ে কাজ করে সাফল্য পেয়েছেন তিনি। শুরুতেই ‘আমি আলমগীর, জয়যাত্রার পথে নেমেছি’- এমন আত্মবিশ্বাসী উচ্চারণ করেছিলেন তিনি বিচিত্রার এক সাক্ষাৎকারে। তার সেই জয়যাত্রা আজও অব্যাহত।

চলচ্চিত্রের প্রতি তার ভালোবাসার শিকড়ও পারিবারিক। তার বাবা কলিম উদ্দিন আহম্মেদ ছিলেন দেশের প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’র অন্যতম প্রযোজক। তার কন্যা আঁখি আলমগীর দেশের জনপ্রিয় একজন গায়িকা। আঁখির মা গীতিকার খুশনূরের সঙ্গে বিচ্ছেদের পর কিংবদন্তি গায়িকা রুনা লায়লাকে বিয়ে করেন আলমগীর। সেই সংসার আজও ভালোবাসায় ভরে আছে।

তবে দীর্ঘদিন তাকে সিনেমায় অভিনয় করতে দেখা যায়নি। তার প্রাণবন্ত উপস্থিতি মিস করেন দর্শক।

 

এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।