অভিনেতা-পরিচালকের বিরুদ্ধে অভিনেত্রীর যৌন হয়রানির মামলা খারিজ
অভিনেত্রী ব্লেক লাইভলি তার সহ-অভিনেতা ও পরিচালক জাস্টিন বাল্ডোনির বিরুদ্ধে দায়ের করা যৌন হয়রানির মামলা খারিজ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের এক ফেডারেল বিচারক। ফলে তাদের ২০২৪ সালের রোমান্টিক ড্রামা ‘ইট এন্ডস উইথ আস’-এর শুটিং সংক্রান্ত এই মামলার পরিসর উল্লেখযোগ্যভাবে সীমিত হয়ে গেছে।
বিচারক লুইস লিমান এক দীর্ঘ ১৫২ পৃষ্ঠার রায়ে বলেন, লাইভলির অভিযোগ অনুযায়ী বাল্ডোনির আচরণ মূলত দৃশ্যের চরিত্রের প্রতি ছিল, ব্যক্তিগতভাবে লাইভলির প্রতি নয়। তাই এটিকে যৌন হয়রানি হিসেবে বিবেচনা করার সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি।
আদালতে লাইভলির পক্ষের আইনজীবীরা দাবি করেছিলেন, বাল্ডোনি স্ক্রিপ্টের বাইরে গিয়ে অতিরিক্ত যৌন উপাদান যোগ করেছেন এবং কিছু দৃশ্যে অভিনেত্রীকে অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলা হয়েছে। তবে বিচারক জানান, সৃজনশীল কাজে শিল্পীদের কিছুটা স্বাধীনতা থাকা প্রয়োজন, যা সীমার মধ্যে থাকলে তাকে অপরাধ হিসেবে ধরা যায় না।
তবে বিচারক উল্লেখ করেন, লাইভলি এখনও প্রযোজনা সংস্থা ওয়েফেয়ার স্টুডিওসের বিরুদ্ধে প্রতিশোধমূলক আচরণের অভিযোগে মামলা চালিয়ে যেতে পারবেন। তিনি অভিযোগ করেছেন, সেটে অসদাচরণের বিষয়ে কথা বলার পর তার বিরুদ্ধে মানহানিকর প্রচারণা চালানো হয়েছে।
এই মামলাটি ১৮ মে থেকে বিচারপ্রক্রিয়ায় যাওয়ার কথা রয়েছে। লাইভলির আইনজীবীরা জানিয়েছেন, তিনি আদালতে সাক্ষ্য দিতে প্রস্তুত এবং নিজের অবস্থান তুলে ধরতে আগ্রহী।
অন্যদিকে বাল্ডোনির আইনজীবীরা যৌন হয়রানির অভিযোগ খারিজ হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন এবং বলেছেন, বাকি মামলাটি এখন অনেক সীমিত। তারা নিজেদের প্রতিরক্ষা উপস্থাপনের অপেক্ষায় আছেন।
হলিউডে আলোচিত এই মামলায় আরও কয়েকজন তারকার নামও আলোচনায় এসেছে বলে জানা গেছে। তারা লাইভলির দাবি অনুযায়ী তার অভিযোগকে সমর্থন করতে পারেন।
২০২৪ সালের ডিসেম্বর থেকে শুরু হওয়া এই আইনি লড়াইয়ে উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে পাল্টা মামলা করেছেন। বক্স অফিসে ছবিটি ৩৫১ মিলিয়ন ডলারের বেশি আয় করলেও, বিতর্কটি এখনো চলচ্চিত্রটির বাইরেও আলোচনায় রয়েছে।
এলআইএ