চুক্তি নবায়ন হচ্ছে না জাতীয় ফুটবল দলের কোচ ক্যাবরেরার

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৩:৩৭ পিএম, ০৪ এপ্রিল ২০২৬

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার চুক্তি নবায়ন করা হবে কি হবে না- তা নিয়ে তুমুল গুঞ্জন ছিল বেশ কয়েকদিন ধরে। আগামী ৩০ এপ্রিল শেষ হচ্ছে তার সঙ্গে করা চুক্তির মেয়াদ। এই চুক্তি বাড়ানো না বাড়ানো নিয়ে গুঞ্জনের অবসান হলো অবশেষে।

বাফুফের ন্যাশনাল টিমস কমিটির আজকের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, হামজা-শামিতদের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার সঙ্গে চুক্তির মেয়াদ নতুন করে আর বাড়ানো হবে না। অর্থ্যাৎ, আগামী ৩০ এপ্রিলই শেষ হচ্ছে এ যাত্রায় বাংলাদেশ দলের সঙ্গে তার বন্ধনের মেয়াদ।

তবে, হ্যাভিয়ের ক্যাবরেরার পূনরায় বাংলাদেশ দলে দায়িত্ব পালন করার সুযোগ কিন্তু থেকে যাচ্ছে। বাফুফে আগামী মাসের ১ তারিখে, তথা ১ মে নতুন কোচ নিয়োগ দেওয়ার জন্য বিজ্ঞপ্তি দেবে। সেই বিজ্ঞপ্তির আলোকে চাইলে ক্যাবরেরা পূনরায় আবেদন করতে পারবেন এবং সব ক্রাইটেরিয়া মিলে গেলে এই স্প্যানিশই বাংলাদেশ দলের কোচ হিসেবে পূনরায় নিয়োগ পেতে পারেন।

Tabith

ভিয়েতনাম ও সিঙ্গাপুরের বিপক্ষে সর্বশেষ দুই ম্যাচ বিশ্লেষণ করতে শনিবার দুপুরে সভায় বসেছিল বাফুফের ন্যাশনাল টিমস কমিটি। সেখানে জাতীয় দলের প্রধান কোচ নিয়োগের বিষয়টিও আলোচনা হয়েছে।

২০২২ সালের ৮ জানুয়ারি জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নেওয়া হ্যাভিয়ের ক্যাবরেরার মেয়াদ শেষ হবে ৩০ এপ্রিল। সভার পর কমিটির সদস্য ও বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু কোচ নিয়োগের বিষয়ে বলেছেন, ‘আমরা স্টেপ বাই স্টেপ যাচ্ছি। আগামী জুনে ফিফা উইন্ডো আছে এবং সেই ফিফা উইন্ডোতে বাংলাদেশ চেষ্টা করতেছে খেলার জন্য। সে লক্ষ্যে অনূর্ধ্ব-২৩ জাতীয় ফুটবল দল গঠন করার জন্য এখন থেকেই প্রস্তুতি নিচ্ছি। এই দলটা সর্বক্ষণিক প্র্যাকটিসে থাকবে। ন্যাশনাল টিমের ব্যাপারেও আমাদের সিদ্ধান্ত হয়েছে। জুনে যে ফিফা উইন্ডো আছে, তখন ম্যাচ খেলার চেষ্টা করা হবে।’

‘এখন থেকেই আমরা নতুন কোচের সন্ধানে নেমেছি। আমরা নতুন কোচের ইন্টারভিউ নেবো। সেক্ষেত্রে ক্যাবরেরাও ইন্টারভিউ দিতে পারবেন। সাক্ষাৎকার নিয়ে টিম ম্যানেজমেন্ট কমিটি সিদ্ধান্ত নেবে।’

তাহলে বাফুফে কি কৌশলে ক্যাবরেরাকেই রেখে দেবে? আমিরুল ইসলাম বাবু বলেন, ‘তাকে বাদ দিয়ে ভাবতেছি না, আবার তাকে নিয়েও চিন্তা করছি না। এখানে সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যে, আমাদের তার সঙ্গে কিন্তু আরও এক মাসের চুক্তি আছে। ৩০ এপ্রিল চুক্তি শেষ হবে। যার জন্য এখন থেকেই কিন্তু আমরা তার চেয়ে বেটার কিছু আনার চেষ্টা করতেছি। আমরা যদি আরও বেটার কিছু পাই, অবশ্যই তখন সে চিন্তাই করবো।’

আরআই/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।