রাহুলের মৃত্যু: কর্মবিরতি প্রত্যাহার, শর্তে কাজে টালিপাড়া
টালিপাড়ায় স্বস্তির হাওয়া বইছে। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে শুরু হওয়া কর্মবিরতি অবশেষে প্রত্যাহার করা হয়েছে। তবে শর্তসাপেক্ষে কাজে ফিরছেন শিল্পী ও কলাকুশলীরা- ‘ম্যাজিক মোমেন্টস’ প্রযোজনা সংস্থার সঙ্গে আপাতত কোনো কাজ করবেন না তারা।
আজ (৭ এপ্রিল) সকাল ১০টায় ‘টেকনিশিয়ান স্টুডিও’তে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রঞ্জিত মল্লিক ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। পাশাপাশি ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, দেব, পরিচালক হরনাথ চক্রবর্তী-সহ টালিউডের একাধিক পরিচিত মুখ।
এছাড়াও বৈঠকে অংশ নেন ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস এবং ইম্পার সভাপতি পিয়া সেনগুপ্ত। আলোচনার কেন্দ্রবিন্দু ছিল শুটিং সেটে শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিশ্চিত করা। উপস্থিত ছিলেন প্রয়াত অভিনেতার স্ত্রী, অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার-ও।
গত ২৯ মার্চ তালসারিতে শুটিং করতে গিয়ে আকস্মিক মৃত্যু হয় রাহুলের। তিনি লীনা গঙ্গোপাধ্যায় প্রযোজিত ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিংয়ে অংশ নিতে সেখানে গিয়েছিলেন। ময়নাতদন্তের রিপোর্টে জানা যায়, জলে ডুবে মৃত্যু হয়েছে অভিনেতার।
তদন্তে উঠে আসে, শুটিংয়ের জন্য প্রয়োজনীয় অনুমতি নেয়নি প্রযোজনা সংস্থা-এমন অভিযোগ করেছে ওড়িশা পুলিশ। এরপরই প্রযোজনা সংস্থার বিরুদ্ধে ক্ষোভ বাড়তে থাকে শিল্পী মহলে।
ঘটনার প্রকৃত কারণ জানতে চেয়ে আইনি পরামর্শ অনুযায়ী ‘ম্যাজিক মোমেন্টস’-কে চিঠি দেয় আর্টিস্ট ফোরাম। সন্তোষজনক জবাব না পাওয়ায় শান্তিলাল মুখোপাধ্যায়সহ একাধিক শিল্পী কলকাতার রিজেন্ট পার্ক থানায় মামলা দায়ের করেন। একইসঙ্গে তালসারি থানায় অভিযোগ দায়ের করেন প্রিয়াঙ্কা সরকার, যেখানে অভিযুক্ত করা হয়েছে শৈবাল বন্দ্যোপাধ্যায়, লীনা গঙ্গোপাধ্যায়, শুভাশিস মণ্ডল, শান্তনু নন্দী এবং চন্দ্রশেখর চক্রবর্তীকে।
কর্মবিরতি তুলে নেওয়া হলেও রাহুলের মৃত্যু ঘিরে প্রশ্ন কিন্তু এখনো রয়েই গেছে। টলিপাড়ার শিল্পী মহল এখন চাইছে-শুটিং সেটে নিরাপত্তা নিশ্চিত হোক এবং এমন দুর্ঘটনার পুনরাবৃত্তি আর না ঘটুক।
এমএমএফ