জায়েদ খানকে নিজের অজানা গল্প শোনাবেন শুভ্র দেব

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪৯ পিএম, ০৭ এপ্রিল ২০২৬
জায়েদ খানক নিজের অজানা গল্প শোনাবেন শুভ্র দেব

নব্বই দশকের জনপ্রিয় সংগীতশিল্পী শুভ্র দেবের গান একসময় তরুণ-তরুণীদের মুখে মুখে ছিল। তার সুরেলা কণ্ঠ ও রোমান্টিক গানগুলো শ্রোতাদের হৃদয়ে বিশেষ জায়গা করে নেয়। অনেকেই তার গান শুনে নিজেও গাওয়ার চেষ্টা করেছেন।

দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও নিজের উপস্থিতি জানান দিয়েছেন এই শিল্পী। বলিউড অভিনেতা আমির খানের সঙ্গে পেপসির একটি বিজ্ঞাপনে অংশ নিয়ে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান।

এছাড়া বিশ্বখ্যাত পপ তারকা মাইকেল জ্যাকসনে সঙ্গে সরাসরি দেখা করার অভিজ্ঞতাও রয়েছে তার, যা একজন বাংলাদেশি শিল্পীর জন্য বিরল সম্মান।

দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় গান উপহার দেওয়া এই শিল্পী এবার হাজির হয়েছেন জনপ্রিয় টক শো ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’-এ। অনুষ্ঠানটি আমেরিকায় থেকে সঞ্চালনা করেন অভিনেতা জায়েদ খান।

শুভ্র দেবকে অতিথি হিসেবে পেয়ে আনন্দিত জায়েদ খান। তিনি বলেন, ‘আজকের পর্বটা আমার জন্য অনেক বিশেষ। শুভ্র দেব ভাই আমাদের সংগীত জগতের একজন আইকন। তার গান আমাদের অনেক স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে। আজকের অনুষ্ঠানে তিনি তার জনপ্রিয় গানগুলো গেয়েছেন এবং জীবনের অনেক অজানা গল্প শেয়ার করেছেন। দর্শকরা তাকে নতুনভাবে দেখতে পারবেন।’

অনুষ্ঠানটিতে শুভ্র দেব গেয়েছেন তার বেশ কয়েকটি শ্রোতাপ্রিয় গান। সেইসঙ্গে নিজের ক্যারিয়ারের নানা স্মৃতিচারণ করেছেন।

‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’-এর এই বিশেষ পর্বটি আগামী শুক্রবার (১০ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ৮টায় ঠিকানা প্ল্যাটফর্মে প্রচারিত হবে।

 

এমআই/এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।