দল নিয়ে ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস, প্রথম গাইবেন যে দেশে

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৫৮ পিএম, ২৭ এপ্রিল ২০২৬
দল নিয়ে ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

বাংলা ব্যান্ডসংগীতের জনপ্রিয় তারকা জেমস এবার ইউরোপ ট্যুরে যাচ্ছেন। আগামী জুলাইয়ের শেষ সপ্তাহে শুরু হবে তার বহুল প্রতীক্ষিত এই সংগীত সফর। ট্যুরের বিশেষ আকর্ষণ হিসেবে প্রথমবারের মতো পর্তুগালে কনসার্ট করতে যাচ্ছেন নগরবাউল খ্যাত এই শিল্পী।

ট্যুরের সূচি অনুযায়ী, আগামী ২৫ জুলাই লন্ডনের সিটি প্যাভিলিয়নে পারফর্ম করবেন জেমস। এরপর ২৬ জুলাই পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠিত হবে ‘লিসবন বাংলা লাইভ কনসার্ট ২০২৬’। লিসবোয়া আয়ো ভিভো ভেন্যুতে আয়োজিত এই অনুষ্ঠানে গাইবেন তিনি।

জেমসের ব্যবস্থাপক রুবাইয়াৎ ঠাকুর জানান, পর্তুগালে এবারই প্রথম কনসার্ট করতে যাচ্ছেন তারা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, জেমসের অংশগ্রহণ ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, ‘আমাদের আশা, ইউরোপে দারুণ একটি ট্যুর হবে। লন্ডন ও লিসবনের পর ইউরোপের আরও কয়েকটি দেশে কনসার্ট করার পরিকল্পনা রয়েছে।’

প্রবাসী বাংলাদেশিদের জন্য এই আয়োজন করছে কাজা দো বাংলাদেশ ও নোটিসিয়াস বাংলা। আয়োজকদের দাবি, পর্তুগালে এত বড় পরিসরে বাংলা গানের কনসার্ট আগে কখনও হয়নি।

কনসার্টের টিকিট তিনটি শ্রেণিতে পাওয়া যাবে। ক্লাসিক্যাল ২০ ইউরো, গোল্ডেন সার্কেল ৫০ ইউরো এবং ভিআইপি ১০০ ইউরো নির্ধারণ করা হয়েছে। 

 

এমআই/এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।