অসম্পূর্ণ অবস্থায় মুক্তি নিয়ে প্রশ্নের মুখে শাকিবের ‘প্রিন্স’

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৬:৩৫ পিএম, ২৭ এপ্রিল ২০২৬
‘প্রিন্স’ সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত আলোচিত সিনেমা প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা ঘিরে বিতর্ক যেন থামছেই না। মুক্তির পর থেকেই প্রযুক্তিগত ত্রুটি ও নির্মাণগত নানা সমালোচনার মুখে থাকা সিনেমাটি এবার নতুন করে প্রশ্নের মুখে পড়েছে-অসম্পূর্ণ অবস্থায় কি ছবিটি মুক্তি দেওয়া হয়েছিল?

সম্প্রতি এ বিষয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন সাবেক প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু। পরিচালক সমিতি আয়োজিত ‘আমাদের চলচ্চিত্র, আজকের প্রেক্ষাপট’ শীর্ষক এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি সিনেমাটির নির্মাণ প্রক্রিয়া নিয়ে একাধিক অভিযোগ তোলেন।

খসরুর দাবি, ছবিটির শুটিং ও ডাবিং প্রক্রিয়ায় বড় ধরনের জটিলতা তৈরি হয়েছিল। তার ভাষ্য অনুযায়ী, শ্রীলঙ্কায় ১৬ দিন অবস্থান করেও চলচ্চিত্রটির ইউনিট কোনো শুটিং সম্পন্ন করতে পারেনি। পরবর্তীতে ভারতে শুটিং চলাকালে অতিরিক্ত পারিশ্রমিকের দাবিতে ডাবিং কার্যক্রমও বন্ধ হয়ে যায়, যা পুরো প্রজেক্টকে আরও জটিল করে তোলে।

যদিও তিনি সরাসরি কারও নাম উল্লেখ করেননি, তবে তার এই বক্তব্যকে ঘিরে চলচ্চিত্র অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

মুক্তির আগে শেষ মুহূর্তের শুটিং নিয়েও ছিল নানা গুঞ্জন। সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসে, ঈদের আগে শুটিং শেষ না করেই শ্রীলঙ্কায় অন্য একটি প্রজেক্টে ব্যস্ত ছিলেন ছবির প্রধান অভিনেতা শাকিব খান। সেই সময় থেকেই সিনেমাটি ঘিরে নানা প্রশ্ন তৈরি হয় চলচ্চিত্রপাড়ায়।

খসরু আরও বলেন, “প্রিন্স মুক্তির পর সবাই মিলে প্রযোজককে দোষারোপ করেছে। কিন্তু সিনেমাটি কেন সময়মতো শেষ হলো না, কেন অসম্পূর্ণ অবস্থায় মুক্তি দেওয়া হলো-এসব প্রশ্ন কেউ তোলেনি। একটি ইউনিট ১৬ দিন শ্রীলঙ্কায় থেকেও শুটিং না করতে পারলে সেখানে প্রযোজকের দায় কতটা?”

তার মতে, প্রযোজক সমিতি সক্রিয় থাকলে এ ধরনের পরিস্থিতি এড়ানো যেত। সময়মতো শুটিং ও ডাবিং শেষ করার জন্য সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন ছিল বলেও মন্তব্য করেন তিনি।

অন্যদিকে, ছবিটির পরিচালক আবু হায়াত মাহমুদ শ্রীলঙ্কা অংশের শুটিং ব্যাহত হওয়ার বিষয়টি পুরোপুরি অস্বীকার না করলেও এ নিয়ে বিস্তারিত মন্তব্য করতে অনীহা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, ঈদুল ফিতরে মুক্তির পর থেকেই সিনেমাটি একাধিক সমালোচনার মুখে পড়ে। সাউন্ড, ভিএফএক্স, পোস্ট-প্রোডাকশন ত্রুটি এবং গল্পের অসংগতি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক হতাশা দেখা যায়। প্রযুক্তিগত সমস্যার কারণে দেশের অন্যতম মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্স-এ প্রথম কয়েকদিন ছবিটির প্রদর্শনী ব্যাহত হয়। কিছু সিঙ্গেল স্ক্রিনেও মুক্তির দিন শো বন্ধ রাখতে হয়।

আরও পড়ুন:
বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি 
পরিবার ও সন্তান নিয়ে আবেগঘন বার্তা সালমার 

পরে এসব ত্রুটির কথা স্বীকার করে বিশেষ প্রদর্শনীতে দর্শকদের কাছে ক্ষমাও চান শাকিব খান।

নব্বইয়ের দশকের এক গ্যাংস্টারের গল্প নিয়ে নির্মিত এ সিনেমায় শাকিব খানের পাশাপাশি অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, জ্যোতির্ময়ী কুণ্ডু, দিব্যেন্দু ভট্টাচার্য এবং ইন্তেখাব দিনার প্রমুখ।

এমএমএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।