নোরার গানের ঝড়ে বিপাকে সঞ্জয়, কমিশনে হাজিরা
বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত অভিনীত ‘কেডি: দ্য ডেভিল’ সিনেমার একটি আইটেম গান ঘিরে তৈরি হয়েছে তুমুল বিতর্ক। ‘সরকে চুনরী তেরী সরকে’ শিরোনামের ওই গানে পারফর্ম করেছেন নোরা ফাতেহি। গানটি প্রকাশের পর থেকেই সমাজমাধ্যমে শুরু হয় সমালোচনার ঝড়। অনেকেই গানের দৃশ্যকে অশালীন ও কুরুচিকর বলে মন্তব্য করেন।
বিতর্কের জেরে ইতোমধ্যে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে গানটি সরিয়ে নেওয়া হয়েছে। নোরার নাচের ভঙ্গিমা নিয়েও উঠেছে প্রশ্ন। সমালোচনার মুখে পড়ে এরই মধ্যে ক্ষমাও চেয়েছেন এই অভিনেত্রী।
গানটিতে নোরার সঙ্গে সমান তালে নাচতে দেখা যায় সঞ্জয় দত্তকে। অশ্লীলতার অভিযোগে বিষয়টি নজরে আনে জাতীয় মহিলা কমিশন। এরপরই অভিনেতাকে তলব করা হয় কমিশনে।
সোমবার (২৭ এপ্রিল) কমিশনে হাজিরা দেন সঞ্জয় দত্ত। তবে এদিন তিনি সরাসরি কোনো মন্তব্য করেননি। শুনানি শেষে দ্রুতই কমিশনের কার্যালয় ত্যাগ করেন এই অভিনেতা।
শুনানির পর সঞ্জয়ের আইনজীবী হেমন্ত শাহ জানান, গানটির কথার অর্থ সম্পর্কে অবগত ছিলেন না সঞ্জয় দত্ত। কারণ, এটি এমন একটি ভাষায় রেকর্ড করা হয়েছিল যা তিনি বোঝেন না।
আরও পড়ুন:
২০ বছর পর নতুন করে ফিরছে শাহরুখ-রানি ও প্রীতি জিনতার সিনেমা
হিন্দু অভিনেত্রী ইয়ামি গৌতম যে কারণে কোরআন শিখেছেন
তিনি আরও জানান, এমন একটি কাজের সঙ্গে যুক্ত থাকার জন্য এরই মধ্যে ক্ষমা চেয়েছেন সঞ্জয় দত্ত। পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ৫০ জন আদিবাসী শিশুর শিক্ষার দায়িত্ব নেওয়ার প্রস্তাবও দিয়েছেন তিনি।
এমএমএফ