মৃত্যুর ৩০ বছর পর নিজের কণ্ঠে অজানা গল্প শোনাবেন প্রিন্সেস ডায়ানা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪:১৪ পিএম, ০২ মে ২০২৬
মৃত্যুর ৩০ বছর পর নিজের কণ্ঠে অজানা গল্প শোনাবেন প্রিন্সেস ডায়ানা

ব্রিটিশ রাজপরিবারের অন্যতম আলোচিত ব্যক্তিত্ব প্রিন্সেস ডায়ানাকে ঘিরে নির্মিত হতে যাচ্ছে নতুন একটি প্রামাণ্যধারাবাহিক। আগে প্রকাশ না হওয়া দীর্ঘ সময়ের ব্যক্তিগত কথোপকথনের রেকর্ডের ভিত্তিতে তৈরি এই ধারাবাহিকটি তার জীবনকে তুলে ধরবে তার নিজের কণ্ঠেই।

‘ডায়ানা: দ্য আনহার্ড ট্রুথ’ শিরোনামের এই তিন পর্বের ধারাবাহিকটি মুক্তি পাবে ২০২৭ সালে। এটি তার মৃত্যুর ৩০ বছর পূর্তির সময়ের সঙ্গে মিলে যাচ্ছে। ১৯৯৭ সালে প্যারিসে এক সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি।

এই প্রামাণ্যধারাবাহিকের মূল ভিত্তি পাঁচ ঘণ্টার কথোপকথন। সেটি ডায়ানা করেছিলেন তার ঘনিষ্ঠ বন্ধু ও সার্জন ড. জেমস কোলথ্রাস্টের সঙ্গে। এই রেকর্ডগুলিই পরবর্তীতে সাংবাদিক অ্যান্ড্রু মর্টনের ১৯৯২ সালের আলোচিত বইয়ের ভিত্তি হয়ে ওঠে।

প্রযোজনা প্রতিষ্ঠান লাভ মানডে টিভি জানিয়েছে, এই ধারাবাহিকের মাধ্যমে আধুনিক ইতিহাসের সবচেয়ে আলোচিত এক জীবনের ওপর নতুনভাবে আলোকপাত করা হবে। ডায়ানার ব্যক্তিগত অনুভূতি, সংগ্রাম, আত্মপরিচয়ের খোঁজ এবং রাজপরিবারের আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকেও নিজেকে খুঁজে পাওয়ার গল্প এতে উঠে আসবে।

প্রযোজকদের মতে, এই কাজটি ডায়ানাকে নতুনভাবে জানার সুযোগ করে দেবে দর্শকদের। তার দৃঢ়তা, সংবেদনশীলতা ও মানবিক দিকগুলো আরও গভীরভাবে তুলে ধরা হবে, যা তার সম্পর্কে জনমানসে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করতে পারে।

 

এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।