সজল-মিষ্টিকে নিয়ে দেবাশীষ বিশ্বাসের নতুন মিশন
চলচ্চিত্র অঙ্গনের পরিচিত মুখ দেবাশীষ বিশ্বাস। উপস্থাপনা ও নির্মাণ দুই অঙ্গনেই নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন তিনি। একের পর এক নতুন কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই নির্মাতা। এরই মধ্যে নতুন আরেকটি চলচ্চিত্রের ঘোষণা দিলেন তিনি। অভিনেতা সজল ও চিত্রনায়িকা মিষ্টি জান্নাতকে নিয়ে ‘দুজনে’ শিরোনামের নতুন একটি রোমান্টিক সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন দেবাশীষ বিশ্বাস।
নির্মাতা জানান, ‘দুজনে’ মূলত একটি ভ্রমণভিত্তিক গল্প। যেখানে ভালোবাসা, সম্পর্কের টানাপোড়েন, আবেগ এবং জীবনের নানা বাস্তবতার প্রতিফলন দেখা যাবে। রোমান্টিক ঘরানার এই সিনেমায় দর্শকরা ভিন্ন ধরনের উপস্থাপনা দেখতে পাবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
দেবাশীষ বিশ্বাস বলেন, গল্পের ভেতরে একটি সুন্দর জার্নি রয়েছে। সেই জার্নির মধ্য দিয়ে দুই মানুষের সম্পর্কের নানা দিক উঠে আসবে। আমরা চাই দর্শকদের জন্য আবেগঘন ও হৃদয়ছোঁয়া একটি কাজ উপহার দিতে। খুব শিগগির গান রেকর্ডিংয়ের মাধ্যমে সিনেমাটির আনুষ্ঠানিক কাজ শুরু করবো।
তিনি আরও জানান, সিনেমাটির গানে কণ্ঠ দেবেন জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। এরইমধ্যে গান নিয়েও প্রস্তুতি শুরু হয়েছে। নির্মাতার ভাষ্য, গল্পের আবেগের সঙ্গে মিল রেখে সংগীতেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
নতুন এই কাজটি নিয়ে বেশ উচ্ছ্বসিত নায়িকা মিষ্টি জান্নাত। তিনি বলেন, শিগগির সিনেমাটির শুটিং কার্যক্রম শুরু হতে যাচ্ছে। বর্তমানে প্রাক্-প্রস্তুতির কাজ প্রায় শেষ পর্যায়ে। গল্প, চরিত্র ও নির্মাণ আয়োজন সবকিছু মিলিয়ে পুরো টিমই বেশ আশাবাদী। আশা করছি দর্শকরা নতুন কিছু দেখতে পাবেন।
তিনি আরও বলেন, সবকিছু ঠিক থাকলে আগামী কয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে ক্যামেরার সামনে দাঁড়াবেন শিল্পীরা। চরিত্রটি নিয়ে আমি নিজেও খুব এক্সাইটেড।
জানা গেছে, হ্যাভেন মাল্টিমিডিয়া ও গীতি চিত্রকথা-এর প্রযোজনায় নির্মিত হতে যাওয়া এই সিনেমার কাহিনী ও সংলাপ লিখেছেন আবদুল্লাহ জহির বাবু।
এতে সজল ও মিষ্টি জান্নাত ছাড়াও দেশের জনপ্রিয় আরও বেশ কয়েকজন অভিনয়শিল্পী গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন বলে জানিয়েছেন নির্মাতা। শিগগির সিনেমাটির বাকি অভিনয়শিল্পীদের নামও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
এমআই/এএমএ