বাংলাদেশ ফুটবল লিগ
আরামবাগকে হারিয়ে পাঁচে মোহামেডান
বাংলাদেশ ফুটবল লিগের দ্বিতীয় পর্বে আবাহনীর কাছে হারের পরই কোচ আলফাজ আহমেদকে বরখাস্ত করে আবদুল কাইয়ুম সেন্টুকে দায়িত্ব দিয়েছে মোহামেডান। সেন্টু দায়িত্ব নেওয়ার পর মোহামেডান লিগে চারটি ম্যাচ খেলে তিনটিতেই জয় পেয়েছে।
সর্বশেষ ম্যাচে শনিবার মানিকগঞ্জে সাদাকালোরা ২-০ গোলে হারিয়েছে আরামবাগ ক্লাবকে। এ জয়ে মোহামেডান পয়েন্ট টেবিলে ৬ থেকে পাঁচে উঠলো। চ্যাম্পিয়নশিপ ধরে রাখার দৌড় থেকে আগেই ছিটকে পড়া মোহামেডানের সামনে এখন চারে থেকে লিগ শেষ করার সম্ভাবনা তৈরি হলো।
প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হওয়া ম্যাচে মোহামেডান জয় নিশ্চিত করে দ্বিতীয়ার্ধে সৌরভ দেওয়ান ও রহিম উদ্দিনের দেওয়া গোলে। ৫২ মিনিটে সৌরভ দেওয়ান মোহামেডানকে লিড এনে দেন। এক গোলের ভরসা নেই। তাই মোহামেডান চেষ্টা করছিল ব্যবধান বাড়িয়ে নিরাপদ অবস্থা তৈরি করার। শেষ পর্যন্ত রহিম উদ্দিন সাদাকালো সমর্থকদের মধ্যে স্বস্তির বাতাস এনে দেন ৭৬ মিনিটে।
লিগে মোহামেডানের এটি পঞ্চম জয়। ২০ পয়েন্ট নিয়ে ব্রাদার্স-রহমতগঞ্জের ওপরে সাদা-কালোরা। মোহামেডানের কাছে হেরে আরামবাগ ক্রীড়া সংঘের রেলিগেশনের আশঙ্কার মধ্যেই রয়ে গেলো। ১৬ ম্যাচে ১৪ পয়েন্ট তাদের।
শনিবার মুন্সিগঞ্জে অনুষ্ঠিত অন্য ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন ৩-১ গোলে রহমতগঞ্জকে পরাজিত করেছেন। ব্রাদার্সের জোড়া গোল করেছেন দোস্ত। অন্য গোলটি করেছেন আলমগীর কাজী। রহমতগঞ্জের গোলদাতা জায়েদ আহমেদ। ১৭ পয়েন্ট নিয়ে ব্রাদার্স সাতে এবং ১৯ পয়েন্ট নিয়ে রহমতগঞ্জ টেবিলের ছয়ে।
আরআই/আইএইচএস/