‘ওয়াকা ওয়াকা’র পর আবারও ফুটবল বিশ্বকাপ মাতাবেন শাকিরা
ফুটবল বিশ্বকাপ আর শাকিরা- এই দুই নাম যেন একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। ২০১০ সালের বিশ্বকাপে ‘ওয়াকা ওয়াকা’ দিয়ে বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা পাওয়ার পর আবারও ফুটবল দুনিয়া মাতাতে ফিরছেন বিশ্বখ্যাত এই পপতারকা।
আগামী মাসে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে নতুন গান নিয়ে হাজির হচ্ছেন তিনি। ‘ডাই ডাই’ শিরোনামের এই গানে শাকিরার সঙ্গে কণ্ঠ দিয়েছেন নাইজেরিয়ান আফ্রোবিটস তারকা বুর্না বয়।
সম্প্রতি ইনস্টাগ্রামে প্রকাশ করা হয়েছে গানটির এক মিনিটের টিজার। সেখানে ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামের বিশ্বকাপের অফিসিয়াল বল হাতে দেখা যায় শাকিরাকে। ইতোমধ্যেই টিজারটি সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।
জানা গেছে, আগামী ১৪ মে বিশ্বজুড়ে মুক্তি পাবে পুরো গানটি। ২০১০ সালের ‘ওয়াকা ওয়াকা’র পর এটিই হতে যাচ্ছে শাকিরার দ্বিতীয় অফিশিয়াল বিশ্বকাপ থিম সং। এর আগে ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপেও ‘লা লা লা’ গেয়ে দর্শকদের মাতিয়েছিলেন তিনি। এমনকি ২০০৬ সালের জার্মানি বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানেও পরিবেশন করেছিলেন তাঁর জনপ্রিয় গান ‘হিপস ডোন্ট লাই’।
এবারের বিশ্বকাপে অংশ নেবে ৪৮টি দল। আগামী ১১ জুন থেকে শুরু হয়ে ১৯ জুলাই পর্যন্ত চলবে ফুটবলের সবচেয়ে বড় এই আসর। শাকিরার নিজ দেশ কলম্বিয়াও এবার মাঠের লড়াইয়ে অংশ নিচ্ছে।
বিশ্বকাপের উত্তাপ ছড়িয়ে পড়ার আগেই শাকিরার নতুন গান ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়িয়ে দিয়েছে বাড়তি উন্মাদনা। এখন দেখার বিষয়, ‘ওয়াকা ওয়াকা’র মতো এবারও তাঁর নতুন গান বিশ্বকাপের মঞ্চ কাঁপাতে পারে কি না।
এলআইএ