বেরোবিতে চুরির হিড়িক, বাদ যায়নি উপাচার্যের আইপ্যাডও

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বেরোবি
প্রকাশিত: ০৬:৪৩ পিএম, ১২ মে ২০২৬

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে একের পর এক চুরির ঘটনা ঘটছে। এতে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে। অ্যাকাডেমিক ভবন, আবাসিক হল, পরিবহন পুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ডোরমেটরি থেকে মোবাইল ফোন ও সাইকেল চুরি ঘটনা ঘটেছে। এমনকি, উপাচার্যের বাংলো তার ব্যবহৃত একটি আইপ্যাড চুরি হওয়ার ঘটনা সামনে এসেছে।

জানা যায়, বর্তমান প্রশাসনের আমলে অ্যাকাডেমিক ভবন-৩ এর সামনে থেকে একটি মোটরসাইকেল, কবি হেয়াত মামুদ ভবন, কেন্দ্রীয় মসজিদের সামনে ও ছেলেদের দুইটি হল থেকে প্রায় ১৫টিরও বেশি সাইকেল ও ল্যাপটপ চুরি হয়েছে ৷ গত ছয়-সাত মাসের মধ্যে দুইটি হল থেকে চুরি হয়েছে প্রায় ৫-৭ সাইকেল।

কবি হেয়াত মামুদ ভবনের নিচতলা থেকে একটি ফিঙ্গারপ্রিন্ট মেশিন চুরি হয়। এ ঘটনায় সিসিটিভি ফুটেজে এক কর্মচারীকে শনাক্ত করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাকে সাধারণ ক্ষমা দিয়েছেন বলে জানা গেছে। এছাড়া ঈদের ছুটির মধ্যে শহীদ মুখতার ইলাহী হল থেকে প্রায় দেড় লাখ টাকা মূল্যের একটি নেটওয়ার্ক সুইচ চুরির ঘটনা ঘটে। পরদিন রাতেই ১০২ নম্বর কক্ষের সামনে লুঙ্গি মোড়ানো অবস্থায় সুইচটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় শহীদ মুখতার ইলাহী হলের চুরির ঘটনায় নিরাপত্তা প্রহরীদের দায়িত্বে অবহেলা ও সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। এ ঘটনায় সম্প্রতি ওই হলের সব নিরাপত্তা প্রহরীকে বদলি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এছাড়া গত ৯ এপ্রিল হলের ডাইনিং থেকে তালা ভেঙে দুই বস্তা চালসহ প্রায় ১৫-২০ হাজার টাকার মালামাল চুরির অভিযোগ ওঠে। তবে সিসিটিভি ফুটেজ দেখে এমন ঘটনার সত্যতা মেলেনি বলে জানান হলের একজন সহকারী প্রভোস্ট।

এদিকে গত ২০২৫ সালের ৯ ডিসেম্বর পরিবহন শেড থেকে পানির একটি বৈদ্যুতিক মোটর চুরি হয়। এছাড়া এর আগে দুটি ব্যাটারি চুরি হয়েছে বলে জানা যায়।

পরিবহন পুলের উপ-রেজিস্ট্রার মো. মোবাশ্বেররুল ইসলাম বলেন, গত ২৭ এপ্রিল আমাকে একজন ড্রাইভার কিছু পুরাতন টায়ার চুরি হওয়ার কথা বলেছেন। পরবর্তীতে চুরি হওয়া টায়ারের মধ্যে একটি পরিবহন শেডের রংপুর ক্যাডেট কলেজের প্রাচীরের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের শোভাবর্ধন লাইটগুলোর বেশ কয়েকটি অংশ ব্যক্তিরা ভেঙে রেখে যায়। আবার দুই তিনটি লাইটের কিছু মূল্যবান অংশ নিয়ে যায়। এসব ঘটনা ঘটার পর প্রশাসন দায়সারা তদন্ত কমিটি গঠন করলেও কোনো তদন্ত প্রতিবেদনের দৃশ্যমান ফলাফল দেখা যায়নি বলে অভিযোগ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মোছা. শিউলি আক্তার বলেন, আমার ভাতিজি মাথার কাছে ফোন রেখে ঘুমাচ্ছিল, তখন ফোনটা চুরি করে নিয়ে গেছে এখনো পেলাম না। আমার ছেলের দুই-তিনটা সাইকেল চুরি হয়েছে। এক সপ্তাহ আগে দোতলা থেকে গণিত বিভাগের শিক্ষক তাজুলের ছেলের একটা সাইকেল নিয়ে গেছে।

তিনি আরও বলেন, ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা খুবই দুর্বল। আমরা যদি সামনের রুমে, নিচতলা বা উপর তলাতে কারো সাথে একটু দেখা করতে যাই তাও রুমে তালা দিতে হয়। আমরা এখন খুবই অনিরাপদ বোধ করি৷ কখন কী হবে কী চুরি হয়ে যাবে এই ভয়ে। এমন অবস্থা হয়েছে যে, এখন সবসময় রুমে তালা দিয়ে রাখতে হয়৷

বেরোবিতে চুরির হিড়িক, বাদ যায়নি উপাচার্যের আইপ্যাডও

বিশ্ববিদ্যালয়ের বারবার চুরির ঘটনা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উপাচার্য অধ্যাপক ড শওকাত আলী জাগো নিউজকে বলেন, আমরা ক্যাম্পাসে বিভিন্ন পয়েন্টে সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছি। আরও ক্যামেরা বসানোর কাজ চলছে। ক্যাম্পাসের নিরাপত্তা যেন ঠিক থাকে সে বিষয়ে প্রশাসন কাজ করে যাচ্ছে। এর মধ্যে আমরা একটি হলে সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছি। হলে যারা চুরির সাথে সংশ্লিষ্টতা পাওয়া গেছে ও দায়িত্ব অবহেলা করেছে আমরা ইতোমধ্যে তাদের বদলি করে দিয়েছি।

আইপ্যাড চুরির বিষয়ে উপাচার্য অধ্যাপক ড শওকাত আলী বলেন, এমন ঘটনা ঘটেনি। তবে পরবর্তীতে তিনি বলেন, আইপ্যাডটি পাওয়া গেছে।

প্রক্টর অধ্যাপক ড ফেরদৌস রহমান বলেন, নিরাপত্তা অফিসে যে তিনজন প্রিন্সিপাল ছিল তাদের আমরা রদবদল করছি। এছাড়া মুখতার ইলাহী হলে থাকা পাঁচজনকেই ট্রান্সফার দেওয়া হচ্ছে। এদের মধ্যে আবার দুইজনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তাদের শোকজ করেছি। যদিও বিষয়টি এখনো মিডিয়ায় আসেনি। কারণ দর্শানোর নোটিশের সন্তোষজনক জবাব না পেলে, পরবর্তীতে তাদের বিরুদ্ধে বরখাস্তের ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, আমরা ধাপে ধাপে পুরো প্রক্রিয়াগুলো এগিয়ে নিচ্ছি। পাশাপাশি বিভিন্ন বিষয় নজরদারিতে রাখা হয়েছে ও কিছু জায়গায় রদবদল এবং পরিবর্তন আনা হচ্ছে। এভাবেই আমরা বিষয়গুলো মোকাবিলা করার চেষ্টা করছি।

আজিজুর রহমান/এমএন/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।