আওয়ামী লীগ সমর্থন করলেও আমি পেশাদার রাজনীতিবিদ নই : সিদ্দিকুর রহমান

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪২ পিএম, ১৩ মে ২০২৬
আওয়ামী লীগ সমর্থন করলেও আমি পেশাদার রাজনীতিবিদ নই : সিদ্দিকুর রহমান

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান বলেছেন, তিনি এখনো আওয়ামী লীগ সমর্থিত একজন মানুষ। তবে তিনি নিজেকে পেশাদার রাজনীতিবিদ হিসেবে দেখেন না বলেও জানিয়েছেন।

মঙ্গলবার (১২ মে) দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সিদ্দিকুর রহমান বলেন, ‘আমি আওয়ামী লীগ সমর্থিত একজন মানুষ। আমি ছিলাম না, আমি এখনো আছি, সত্যি কথা যেটা। কারণ আমি তো আওয়ামী লীগকে সমর্থন করেছি।’

তিনি আরও বলেন, ‘আমি আওয়ামী লীগের দলীয় নমিনেশন পেপার চেয়েছিলাম। কিন্তু আমি তো ওতপ্রোতভাবে কোনো প্রফেশনাল পলিটিশিয়ান না।’

নিজের অবস্থান ব্যাখ্যা করে অভিনেতা বলেন, ‘দিনশেষে আমি নাট্যকার, অভিনেতা ও নির্মাতা সিদ্দিকুর রহমান। স্বাধীনভাবে কথা বলার নাগরিক অধিকার আমার আছে বলে আমি মনে করি।’

সিদ্দিকুর রহমান দাবি করেন, তিনি কখনো রাষ্ট্রদ্রোহী বা অন্যায় কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না। তিনি বলেন, ‘আমি কারো ক্ষতি চাইনি। বরং মানবতার সেবক হতে চেয়েছি।’

রাজনীতিতে যুক্ত হওয়া নিয়ে অনুশোচনার কথাও জানান এই অভিনেতা। তিনি বলেন, ‘নমিনেশন পেপার চাওয়ার বিষয়ে আমি অনুতপ্ত একটা কারণে। ৫ আগস্টের পরে তারা চলে গেছে, তাদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। যেহেতু আমি তাদের সমর্থিত একজন মানুষ, তাই এখন এ বিষয়ে মন্তব্য করতে চাই না।’

তিনি আরও যোগ করেন, রাজনীতি মূলত পেশাদার রাজনীতিবিদদের বিষয়, আর তিনি এখনো সেই জায়গায় নিজেকে দেখেন না।

 

এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।