শাবনূরের একমাত্র জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ২২ বছর পর যা বললেন পরিচালক
বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শাবনূরের ক্যারিয়ারের একমাত্র জাতীয় চলচ্চিত্র পুরস্কার এনে দেওয়া সিনেমা ‘দুই নয়নের আলো’। ছবিটি মুক্তির ২২ বছর পূর্ণ হয়েছে আজ ১৩ মে। বিশেষ এই দিনটিকে স্মরণ করে আবেগঘন এক পোস্ট দিয়েছেন সিনেমাটির নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক।
১৩ মে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে পরিচালক জানান, ‘দুই নয়নের আলো’ সিনেমার মাধ্যমেই চলচ্চিত্র পরিচালক হিসেবে তার যাত্রা শুরু হয়েছিল। খুব কম বয়সে নিজের প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করতে গিয়ে নানা সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।
‘দুই নয়নের আলো’ ছবির পোস্টার
পরিচালক লেখেন, ‘কোনো প্রযোজক না থাকায় আমাকে নিজেকেই প্রযোজক হতে হয়েছে। মধ্যবিত্ত পরিবারের মানুষ হওয়ায় কাজটি সহজ ছিল না। তবু পরিবারের সহযোগিতায় কঠিন সেই কাজটি করতে পেরেছিলাম।’
তিনি আরও জানান, সিনেমাটি তিনটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছিল। আর এই সিনেমার মাধ্যমেই শাবনূর তার ক্যারিয়ারের একমাত্র জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিচ্ছেন শাবনূর
এছাড়া নিজের নির্মাণজীবনে পাওয়া সাফল্য, সংগ্রাম, ভালোবাসা ও বিশ্বাসঘাতকতার কথাও তুলে ধরেন এই নির্মাতা। তিনি জানান, তার পরিচালিত ‘জান্নাত’ সিনেমাটিও শ্রেষ্ঠ পরিচালকসহ পাঁচটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছিল। একই সিনেমায় অভিনয়ের জন্য অভিনেতা সাইমন সাদিক তার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।
‘দুই নয়নের আলো’ ছবির দৃশ্যে শাবনূর
পোস্টে নির্মাতা আরও স্মরণ করেন দেশের চলচ্চিত্র অঙ্গনের বহু কিংবদন্তি ও জনপ্রিয় শিল্পীর নাম। এর মধ্যে রয়েছেন রাজ্জাক, ববিতা, সুচরিতা, মিশা সওদাগর, রিয়াজ, ফেরদৌস, মাহিয়া মাহি প্রমূখ। সবার সঙ্গে কাজের অভিজ্ঞতায় নিজে সমৃদ্ধ হয়েছেন বলে দাবি করেন তিনি।
‘দুই নয়নের আলো’ ছবির পরিচালক মানিককে মিষ্টিমুখ করাচ্ছেন শাবনূর
নিজের চলচ্চিত্রজীবনের গুরু হিসেবে তিনি কৃতজ্ঞতা জানান নির্মাতা জাকির হোসেন রাজুর প্রতি। পাশাপাশি সব প্রযোজক, কলাকুশলী ও শিল্পীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
সবশেষে নির্মাতা বলেন, ‘দুই নয়নের আলো’ সবসময় তার জীবনের বিশেষ স্মৃতি হয়ে থাকবে। বেঁচে থাকলে সিনেমাটির ২৫ বছর পূর্তি উদযাপন করার ইচ্ছাও প্রকাশ করেন তিনি।
এলআইএ