‘রাজনৈতিক মতপার্থক্য থাকলেও আমরা মঞ্চে একসঙ্গে কাজ করেছি’
দেশের মঞ্চনাট্যের কিংবদন্তি ও ‘মঞ্চসারথি’ হিসেবে পরিচিত প্রয়াত আতাউর রহমানকে স্মরণ করে আবেগঘন বক্তব্য দিয়েছেন নাট্যজন নাসির উদ্দিন ইউসুফ।
মঙ্গলবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আতাউর রহমানের মরদেহে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘সে আমার অগ্রজ। আমাদের সম্পর্ক ছিল তুই-তুকারির। ৫৫ বছরের বেশি সময়ের সম্পর্ক।’
নাসির উদ্দিন ইউসুফ বলেন, ‘মুক্তিযুদ্ধেও আতাউর রহমানের সক্রিয় অংশগ্রহণ ছিল। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও মঞ্চে সবাই একসঙ্গে কাজ করেছি আমরা।’
তিনি বলেন, ‘শুরুতে রাজনীতিতে আমরা এক ছিলাম না। কেউ বাম রাজনীতি করত, কেউ ডান রাজনীতি করত। কিন্তু মঞ্চে সবাই এক ছিলাম।’
বাংলাদেশের থিয়েটার আন্দোলনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের স্মরণ করে তিনি আরও বলেন, ‘রামেন্দু মজুমদার, আসাদুজ্জামান নূর, পীযুষ বন্দ্যোপাধ্যায়, আতাউর রহমান, সেলিম আল দ্বীন, আমি- সবাই মিলেই এ দেশের থিয়েটারকে সমৃদ্ধ করেছি।’
আবেগঘন কণ্ঠে এই নাট্যব্যক্তিত্ব বলেন, ‘আতাউর রহমানের শারীরিক মৃত্যু হয়েছে, কিন্তু আমি মনে করি তার আত্মার মৃত্যু হবে না।’
প্রয়াত নাট্যজন আতাউর রহমানের মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোক।
এমআই/এলআইএ