ভালোবাসার ভাঙনে পলাশের ‘বোকা মানুষ’
ভালোবাসা, অভিমান আর আত্মত্যাগের গল্প নিয়ে প্রকাশ পেল নতুন নাটক ‘বোকা মানুষ’। জনপ্রিয় নির্মাতা আদিফ হাসান পরিচালিত এ নাটকটি বুধবার (১৩ মে) মুক্তি পেয়েছে জয় পাগল মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে।
পারিবারিক আবেগ ও রোমান্টিক সম্পর্কের টানাপোড়েনকে কেন্দ্র করে নির্মিত নাটকটিতে অভিনয় করেছেন মর্তুজা পলাশ, সেমন্তি সৌমি ও ফারজানা আহসান মিহিসহ আরও অনেকে।
‘বোকা মানুষ’-এর গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে আহান নামের এক তরুণ। অতীতের ভালোবাসা নেহাকে ভুলতে না পেরে ধীরে ধীরে নিজের বর্তমান সংসার, পরিবার এবং স্ত্রী মায়ার প্রতি উদাসীন হয়ে পড়ে সে। সম্পর্কের ভাঙন, মানসিক অস্থিরতা ও বাস্তব জীবনের কঠিন সত্যের মধ্য দিয়ে এগিয়ে যায় নাটকের গল্প। একসময় নিজের ভুল বুঝতে পারলেও জীবনের নির্মম বাস্তবতা তাকে দাঁড় করিয়ে দেয় এক কঠিন পরিস্থিতির সামনে।
নাটকটি নিয়ে নির্মাতা আদিফ হাসান বলেন, এটি শুধু প্রেমের গল্প নয়; একজন মানুষের ভেতরের ভাঙন, অপরাধবোধ ও ফিরে আসার আকাঙ্ক্ষার গল্পও। তার বিশ্বাস, দর্শক নিজেদের জীবনের নানা অনুভূতির প্রতিচ্ছবি খুঁজে পাবেন এই নাটকে।
অন্যদিকে অভিনেতা মর্তুজা পলাশ জানান, নাটকের গল্পে বাস্তব জীবনের আবেগ ও সম্পর্কের প্রতিফলন রয়েছে। তার ভাষ্য, চরিত্রটি ছিল আবেগনির্ভর ও চ্যালেঞ্জিং, তাই সেটিকে স্বাভাবিকভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন তিনি।
নাটকটির গল্প ও পরিচালনা করেছেন আদিফ হাসান। চিত্রনাট্য লিখেছেন দয়াল সাহা। সিনেমাটোগ্রাফিতে ছিলেন এমাদ ইমরান। আবহসংগীত পরিচালনা করেছেন নাসিফ অনি এবং সম্পাদনা ও কালারের দায়িত্বে ছিলেন সাদিকুল ইসলাম দিনার। এছাড়া সহযোগী পরিচালক হিসেবে কাজ করেছেন আরাবি মাহমুদ নোমান এবং প্রধান সহকারী পরিচালক ছিলেন তানজিব আহমেদ।
এমআই/জেআইএম