আবার পরিচালনায় ঈশিতা
তবে সম্প্রতি আবার পরিচালনায় ফিরেছেন দর্শকপ্রিয় অভিনেত্রী রুমানা রশীদ ঈশিতা। এর আগে প্রায় এক বছর পরিচালনা থেকে দূরে ছিলেন তিনি।
`ফিরে এসো প্রেম` শিরোনামের একটি নাটক নির্মাণ করছেন তিনি। নাটকটি রচনাও করেছেন ঈশিতা নিজেই। রোববার থেকে রাজধানীর উত্তরায় এর শুটিং শুরু হয়েছে। এ প্রসঙ্গে ঈশিতা জানান, একেবারেই সময়োপযোগী একটি গল্প নিয়ে নাটকটি নির্মিত হচ্ছে। ভালোবাসা দিবস উপলক্ষে নাটকটি নির্মাণ করা হচ্ছে। এর গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেছেন আজিজুল হাকিম ও মুনিরা ইউসুফ মেমী। পাশাপাশি আরো অভিনয় করেছেন আবুল কালাম আজাদ, লাক্সতারকা নাদিয়া, ভিটতারকা তন্বী ও নাফিজা। নাটকটি চ্যানেল আইতে প্রচারিত হবে।
উল্লেখ্য, ঈশিতা সর্বশেষ গত বছর ভালোবাসা দিবসে `নীল সন্ধ্যা` নাটকটি নির্মাণ করেছিলেন। এটিও চ্যানেল আইতে প্রচারিত হয়। ঈশিতার নির্মিত প্রথম নাটক ছিল `নিঝুম অরণ্যে`।
এইচএন/আরআইপি