মমতাকে দেবী দুর্গা বলে বিজেপিকে অসুর বললেন শুভশ্রী, ট্রলের বন্যা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২:১০ পিএম, ৩০ এপ্রিল ২০২৬
মমতাকে দেবী দুর্গা বলে বিজেপিকে অসুর বললেন শুভশ্রী, ট্রলের বন্যা

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভোট দিয়েছেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ভোট দেওয়ার পর রাজনৈতিক মন্তব্য করে আলোচনায় এসেছেন তিনি। ব্যারাকপুরে স্বামীর সঙ্গে গিয়ে ভোটাধিকার প্রয়োগের পরই বিজেপিকে লক্ষ্য করে কড়া মন্তব্য করেন এই অভিনেত্রী।

ভোট শেষে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবী দুর্গার সঙ্গে তুলনা করেন শুভশ্রী। তিনি বলেন, ‘আমি শুধু একজনকেই চিনি, তিনি সবার মা দুর্গা। দেবী দুর্গার সঙ্গে যুদ্ধ করতে প্রতিবারই মহিষাসুর আসে, আর দেবী একাই তাকে পরাজিত করেন। এবারও তেমনটাই হবে বলে আশা করছি।’

তার এই বক্তব্যে ‘মহিষাসুর’ শব্দটি দিয়ে তিনি যে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-কেই ইঙ্গিত করেছেন, তা সহজেই বোঝা যায়। সবাই বুঝতে পেরেছেন, মমতাকে দেবী দুর্গা বলে বিজেপিকে অসুর বললেন শুভশ্রী। এ নিয়ে ট্রলের বন্যা বইছে পশ্চিমবঙ্গজুড়ে।

২০২১ সালের নির্বাচনে পরাজয়ের পর এবার পশ্চিমবঙ্গ জয় করতে জোর প্রস্তুতি নিয়েছে বিজেপি। অন্যদিকে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস আবারও নিজেদের অবস্থান ধরে রাখতে মরিয়া। ব্যারাকপুর কেন্দ্রেও দলটি ভরসা রেখেছে তাদের প্রার্থী রাজ চক্রবর্তীর ওপর।

এদিকে এবারের নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল রেকর্ডসংখ্যক। দ্বিতীয় দফায় প্রায় ৯২ শতাংশ ভোট পড়েছে বলে জানা গেছে। বিভিন্ন বুথফেরত জরিপে ভিন্ন ভিন্ন আভাস মিলছে। কিছু জরিপে বিজেপি এগিয়ে থাকার ইঙ্গিত থাকলেও অন্যগুলোতে তৃণমূলের জয়ের সম্ভাবনাই বেশি দেখানো হয়েছে।

তবে এসব জরিপ চূড়ান্ত ফলের নিশ্চয়তা দেয় না। আগামী ৪ মে আনুষ্ঠানিক ফল ঘোষণার পরই পরিষ্কার হবে পশ্চিমবঙ্গের ক্ষমতায় কে আসছে।

 

এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।