ব্র্যাক চ্যানেল আই’র তারায় তারায় দীপশিখা


প্রকাশিত: ১০:১৪ এএম, ১০ মার্চ ২০১৫

ব্র্যাক স্কুলের তৃণমূল শিক্ষার্থীদের অংশগ্রহণে চ্যানেল আইতে ১১ মার্চ থেকে শুরু হচ্ছে শিশুপ্রতিভার প্রতিযোগিতা ‘তারায় তারায় দীপশিখা’।

মূলত তৃণমূল শিশুদের সামাজিক, আবেগিক, ভাষাগত, যোগাযোগ দক্ষতা, সৃজনশীলতা তথা সর্বাঙ্গীণ বিকাশে এই আয়োজন। এই আয়োজনে বিচারক হিসেবে থাকবেন গানে-  শাহিন সামাদ ও বাপ্পা মজুমদার, নৃত্যে-  মিনু হক ও হাসান ইমাম, ছবি আঁকায়- আবুল বারক আলভী ও সামিনা নাফিজ, আবৃত্তিতে  ডালিয়া আহমেদ ও শিমুল মুস্তাফা।

তারায় তারায় দীপশিখা অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন মৌসুমী বড়ুয়া এবং পরিচালনা করছেন রেহানা সামদানী। প্রচার হবে প্রতি বুধবার রাত ৭.৫০ মিনিটে।

চ্যানেল আই কার্যালয়ে সম্প্রতি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই খবর জানানো হয়। ব্র্যাক ও চ্যানেল আই’র পক্ষ থেকে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চ্যানেল আই’র ব্যবস্থাপনা ফরিদুর রেজা সাগর ও ব্র্যাকের ভাইস চেয়ারপার্সন ড. আহমেদ মোশতাক রাজা চৌধুরী। আরো উপস্থিত ছিলেন বিচারক শাহিন সামাদ ও সামিনা নাফিজ।

জানানো হয়, নানা যাচাই-বাছাই শেষে সারাদেশ থেকে নির্বাচিত ৯২ জন প্রতিযোগি কোয়ার্টার ফাইনালের ৫ পর্বের জন্য টিকে ছিল। কোয়ার্টার ফাইনাল থেকে ফাইনাল পর্যন্ত মোট ১২টি পর্ব চ্যানেল আইতে প্রচার হবে।

প্রসঙ্গত, লেখাপড়ার পাশাপাশি ব্র্যাক স্কুলে যে ধরণের সহপাঠক্রমিক কার্যক্রমের চর্চা হয়ে থাকে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গান, নাচ, অভিনয়, আবৃত্তি, চিত্রাঙ্কন, কৌতুক, কুইজ, মূকাভিনয় ও বিভিন্ন ধরণের খেলাধুলা। সহপাঠক্রমিক কার্যক্রমের এই চর্চাকে ব্র্যাক শিক্ষা কর্মসূচি মূল কারিকুলামের অংশ হিসেবে দীপশিখা নামে পরিচালনা করছে। এই কার্যক্রমে শিক্ষার্থীদের সহায়তা করেন স্কুলের শিক্ষিকাগণ।

ব্র্যাক স্কুল পরিচালিত দীপশিখা কার্যক্রমকে অনুপ্রাণিত করতে ও শিশুদের উৎসাহ প্রদানে ব্র্যাক শিক্ষা কর্মসূচি ২০১০ সাল থেকে প্রতি বছর দীপশিখা নামে একটি প্রতিযোগিতার আয়োজন করে। ২০১৪ সালের জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ৪০,০০০ ব্র্যাক স্কুলের প্রায় ১২ লক্ষ শিশু উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে নাচ, গান, আবৃত্তি ও চিত্রাঙ্কন এই চারটি ইভেন্টে অংশগ্রহণ করে।

ব্র্যাকের সহায়তা লাভকারী ৪০০টি সহযোগী সংস্থা কর্তৃক পরিচালিত প্রায় পাঁচ হাজার স্কুলও এর অন্তর্ভুক্ত। বর্তমানে ৭টি বিভাগের ২১০ জন শিক্ষার্থী চূড়ান্ত প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়ে আছে। এইসব সুবিধাবঞ্চিত শিশুর মধ্যে আদিবাসী, প্রতিবন্ধী, বেদেপল্লি, যৌনপল্লি এবং হরিজন সম্প্রদায়ের শিশুরাও অন্তর্ভুক্ত। এই শিক্ষার্থীদের নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত ছিলেন শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় প্রশাসন ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এবং ব্র্যাককর্মীবৃন্দ।

এলএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।