প্রাঙ্গণেমোর’র উৎসবে মঞ্চে আসছে মিসড কল


প্রকাশিত: ১০:৩৪ এএম, ১০ মার্চ ২০১৫

রবীন্দ্র নাট্যচর্চার সাফল্যের অনুপ্রেরণায় স্বনামধন্য নাট্যদল ‘প্রাঙ্গণেমোর’ ইতিমধ্যে ৫টি নাট্যোৎসব করেছে। বিগত নাট্যমেলাগুলোর অভিজ্ঞতা ও সাফল্যের ধারাবাহিকতায় প্রাঙ্গণেমোর ৬ষ্ঠ বারের মতো বাংলাদেশ শিল্পকলা একাডেমীর ২টি মঞ্চে নাট্যেৎসব করছে।

৬ থেকে ১৩ মার্চ পর্যন্ত চলা ‘দুই বাংলার নাট্যমেলায় রবীন্দ্রনাট্য ও অন্যান্য ২০১৫’ শিরোনামের এ উৎসবে দুই বাংলার ১২টি দর্শক নন্দিত নাটক প্রদর্শিত হচ্ছে।

তারই ধারবাহিকতায় ১৩ মার্চ সঙ্গীত ও নৃত্যকলা ভবনে মঞ্চস্থ হবে ভারতীয় নাট্যদল নয়ে নাটুয়ার নাটক ‘মিসড কল’। নাটকটিতে ভারতের বিশিষ্ট নাট্য অভিনেতা দেবশঙ্কর দালদার, গৌতম হালদার ও দ্যূতি ঘোষ হালদারসহ আরো অনেকে অভিনয় করবেন।   

নাট্যমেলাটি প্রয়াত নাট্য অভিনেতা ও নির্দেশক খালেদ খানকে উৎসর্গ করা হয়েছে।

এছাড়াও নাট্যোৎসবে আজ (১০ মার্চ) মঞ্চে আসবে ভারতের কল্যাণী নাট্যচর্চার ‘তৃতীয় আরেকজন’ ও মহাকাল নাট্য সম্প্রদায়, ঢাকার ‘নিশীমন বিসর্জন’ ১১ মার্চ ভারতের কল্যাণী নাট্যচর্চার ‘মেয়েটি’ এবং ১২ মার্চ ভারতীয় নাট্যদল নয়ে নাটুয়ার ‘হাওয়াই’ নাটকগুলো।

প্রসঙ্গত, বাংলাদেশে দলীয় পর্যায়ে রবীন্দ্রনাথের নাটকের নিয়মিত চর্চার প্রথম প্রয়াস ‘প্রাঙ্গণেমোর’। এই নাট্যদলের কার্যক্রম বাংলাদেশে নিয়মিত ভাবে রবীন্দ্র নাট্যচর্চার ক্ষেত্রে নুতন প্রাণ সঞ্চার করেছে এ কথা আজ বাংলাদেশের নাট্যাঙ্গণে স্বীকৃত সত্য। ‘প্রাঙ্গণেমোর’ ইতিমধ্যে ৪টি রবীন্দ্র নাটক মঞ্চে এনেছে যা দেশ ও দেশের বাইরে দর্শক নন্দিত হয়েছে। নাটকগুলো হচ্ছে ‘শ্যামাপ্রেম’, ‘স্বদেশী’, ‘রক্তকরবী’ ও ‘শেষের কবিতা’।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।