পুরস্কার জয়ে মৃত্তিকা মায়ার বাজিমাত
প্রকাশ করা হয়েছে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৩’-এর বিজয়ীদের নাম।
তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে আজ মঙ্গলবার পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। এবার পুরস্কার জয়ে বাজিমাত করে দিয়েছে গাজী রাকায়েতের চলচ্চিত্র ‘মৃত্তিকা মায়া’। এটি ২০১৩ সালের সেরা চলচ্চিত্রের পুরস্কারসহ পেয়েছে ১৭টি শাখায় পুরস্কার।
প্রজ্ঞাপন অনুযায়ী জানা যায়, এবারে মোট ২৫টি ক্ষেত্রে বিভিন্নজনকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। তারমধ্যে ‘মৃত্তিকা মায়া’ ছবির জন্য ২০১৩ সালে সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন গাজী রাকায়েত। একই ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন শর্মিমালা। ‘দেবদাস’ ছবিতে অভিনয় করে তার সাথে যৌথভাবে সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী।
এবারে দেশীয় চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য আজীবন সম্মাননা পেতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী ও সংসদ সদস্য কবরী সারোয়ার।
এছাড়া ‘মৃত্তিকামায়া’ ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে পুরস্কার পাচ্ছেন তিতাস জিয়া ও শ্রেষ্ঠ অভিনেতা পার্শ্ব চরিত্রে পুরস্কার পাচ্ছেন রাইসুল ইসলাম আসাদ। একই ছবিতে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে পার্শ্ব চরিত্রে পুরস্কার পাচ্ছেন অর্পণা। ‘মৃত্তিকামায়া’ ছবিতে খল চরিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ খল চরিত্রে মামুনুর রশীদ, শ্রেষ্ঠ কাহিনীকার, সংলাপ রচয়িতা, চিত্রনাট্যকার ও পরিচালক হিসেবে গাজী রাকায়েত, শ্রেষ্ঠ সম্পাদক মো: শরিফুল ইসলাম রাসেল, শ্রেষ্ঠ শিল্প নির্দেশক উত্তম গুহ, শ্রেষ্ঠ চিত্রগ্রাহক সাইফুল ইসলাম বাদল, শ্রেষ্ঠ শব্দগ্রাহক কাজী সেলিম, শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা ওয়াহিদা মল্লিক জলি, শ্রেষ্ঠ মেকআপম্যান আলী বাবুল পুরস্কার পাচ্ছেন।
শ্রেষ্ঠ সংগীত পরিচালক হিসেবে যৌথভাবে বিজয়ী হয়েছেন ‘মৃত্তিকামায়া’র জন্য এ কে আজাদ এবং ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী’ ছবির জন্য শওকত আলী ইমন। শ্রেষ্ঠ গায়ক ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী’ ছবির জন্য চন্দন সিনহা, একই ছবির জন্য শ্রেষ্ঠ গীতিকার কবির বকুল, শ্রেষ্ঠ সুরকার কৌশিক হোসেন তাপস। আর ‘দেবদাস’ ছবির জন্য যৌথভাবে শ্রেষ্ঠ গায়িকা হিসেবে পুরস্কার পাচ্ছেন রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন।
অন্যদিকে শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র হিসেবে সারা আফরীন পরিচালিত ‘শুনতে কি পাও’ জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছে। এছাড়াও একই বৃত্তে ছবির জন্য শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে স্বচ্ছ এবং অন্তর্ধান ছবিতে শিশুশিল্পী শাখার বিশেষ পুরস্কার পেয়েছে সৈয়দ অহিদা সাবরিনা।
এলএ/আরআই