মধুর ব্যস্ততায় সোনিয়া


প্রকাশিত: ০১:৫৬ পিএম, ২১ মার্চ ২০১৫

পড়াশোনার জন্য দীর্ঘদিন দেশের বাইরে সময়ের ব্যস্ত তারকা সোনিয়া হোসেন। গত বছর ফিরেছেন। ফিরেই মুখর হয়ে উঠেছেন শোবিজের ব্যস্ততায়। একের পর কাজ করে যাচ্ছেন নাটক-বিজ্ঞাপনে। চাহিদা তৈরি করেছেন চলচ্চিত্রেও।

সময়ের এই ব্যস্ততা কেমন উপভোগ করছেন জানতে চাইলে সোনিয়া জাগোনিউজকে বলেন, ‘মিডিয়াকে ভালোবেসে অনেক আগেই এর সাথে নিজেকে যুক্ত করেছিলাম। মাঝে উচ্চশিক্ষার জন্য লন্ডনে থেকেছি। বারবার অনুভব করেছি প্রিয় এই আঙ্গিনার আহ্বান। তাই নতুন করে ফিরে চেষ্টা করেছি নিজেকে ব্যস্ত করে তুলতে। অনেকগুলো কাজ করা হয়ে গেছে। আরো অনেক কাজ হাতে আছে। দর্শকরা আমাকে গ্রহণ করেছেন বলেই এতটা সাড়া পেয়েছি। এই ব্যস্ততা ভালো লাগার। দর্শকদের জন্য আরো ব্যস্ত থাকতে চাই।’

সোনিয়া জানালেন, আজই (২১ মার্চ) শেষ করলেন নতুন একটি নাটকের শ্যুটিং। আমিনুল ইসলাম বাচ্চুর রচনা এবং সবুজ খান ও আমিনুল ইসলাম বাচ্চুর যৌথ পরিচালনায় এই নাটকের নাম ‘কমিউনিকেশন গ্যাপ’। এখানে তিনি নতুন প্রিয়মুখ তৌসিফ মাহবুবের সাথে জুটি বেঁধেছেন।

এ নাটক নিয়ে জাগোনিউজের সাথে আলাপকালে সোনিয়া বলেন, ‘এটি আগামী ঈদের জন্য নির্মাণ করা হয়েছে। খুবই চমৎকার একটি গল্প। যেখানে দর্শকরা দেখতে পাবেন মা-বাবার সাথে সন্তানদের যোগাযোগের গ্যাপটাকে। নাটকে আমার চরিত্রের নাম রুমা। আর সজল চরিত্রে অভিনয় করেছে তৌসিফ। নতুন হলেও অভিনয়ে ও বেশ সাবলীল। আশা করছি নাটকটি ভালো লাগবে সবার।’

সম্প্রতি শেষ করেছেন ‘প্রাণ লাচ্ছি’ ও ‘প্রাণ নুডুলস’র দু’টি বিজ্ঞাপনের কাজ। এরইমধ্যে ধ্রুব হাসানের পরিচালনায় প্রাণ লাচ্ছির বিজ্ঞাপনটির প্রচার শুরু হয়েছে। আর শঙ্খদাস গুপ্তের পরিচালনায় প্রাণ নুডুলসের বিজ্ঞাপনটি প্রচারের অপেক্ষায় আছে।

বর্তমানে হাতে আছে তিনটি ধারবাহিক ও বেশ কিছু খন্ড নাটকের কাজ। সোনিয়া জানালেন খন্ড নাটকগুলো আসছে রোজা ঈদ উপলক্ষে নির্মাণ করা হবে।

এদিকে সোনিয়া অভিনীত প্রথম চলচ্চিত্র ‘ইউটার্ন’র শ্যুটিং শেষ হয়েছে। এখন চলছে সম্পাদনার কাজ। ছবিটি পরিচালনা করেছেন আলভী আহমেদ। আর শ্যুটিং চলছে হাবিবুল ইসলাম হাবিবের ‘রাত্রির যাত্রী’ চলচ্চিত্রটির।

প্রতিনিয়তই প্রস্তাব পাচ্ছেন নাটক-চলচ্চিত্রে অভিনয়ের জন্য। তবে সোনিয়া কাজ করছেন একটু দেখেশুনেই। কাজের পরিমাণের চাইতে মানটাকেই প্রাধান্য দিতে চান তিনি। খুঁজছেন নিজেকে আজীবন দর্শকের কাছে স্মরণীয় করে রাখার মতো একটি চরিত্র। শিল্পের চিরাচরিত অতৃপ্তি নিয়ে পথ চলা এই মডেল ও অভিনেত্রীর জন্য শুভেচ্ছা।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।