গায়ক রানার বিরুদ্ধে মামলা করবেন জিয়াউদ্দীন আলম


প্রকাশিত: ০৭:২৪ এএম, ২৩ মার্চ ২০১৫

একটি রিয়েলিটি শো প্রতিযোগিতা থেকে বাদ পড়া কন্ঠ শিল্পী এইচ এম রানার বিরুদ্ধে মানহানির মামলা করার ঘোষণা দিয়েছেন সাংবাদিক ও গীতিকার জিয়াউদ্দীন আলম।

সম্প্রতি জিয়াউদ্দীন আলমের কথায় ‘অন্তর ঠিকানা’ শিরোনামে একটি গানে কণ্ঠ দেন রানা। সেটির সিউজিক ভিডিও নির্মাণ করা হয়। আর এই ভিডিও নিয়ে ভুল বোঝাবুঝির জের ধরে রানা তার ফেসবুকে জিয়াউদ্দীন আলমকে নিয়ে গালাগালি করে স্ট্যাটাস দেন। সে থেকেই এই দুই জনের দ্বন্দ্বের শুরু।

এর প্রেক্ষিতে গতকাল একটি সংবাদ সম্মেলন করেন জিয়াউদ্দীন আলম। সেখানে তিনি রানার বিরুদ্ধে ‘বেয়াদবি’ ও ‘গালাগালি’র অভিযোগ তুলেন এবং মানহানির মামলা করবেন বলে জানান সাংবাদিকদের।

ঘটনার ব্যাখ্যা দিয়ে আলম বলেন, ‘আমার লেখা ও আয়োজনে বিশ্ব ভালবাসা দিবেসে ঈগল মিউজিকের ব্যানারে বাজারে আসা ‘কিছু স্বপ্ন’ অ্যালবামে গান গাওয়ার জন্য বারবার অনুরোধ করে রানা। তার অনুরোধে সাড়া দিয়ে তাকে ‘অন্তর ঠিকানা’ শিরোনামের একটি গান গাওয়ার সুযোগ দেই। আমার কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন রেজওয়ান শেখ।


তার কিছুদিন পর এই গানটির মিউজিক ভিডিও বানানোর পরিকল্পনা করি আমি ও রানা এবং সেটি তৈরিও করি। যার পরিচালনা আমি নিজেই করেছি। এর জন্য আমার নিজের অর্থ ব্যয় হয়েছে। বিশ হাজার টাকা দেয়ার কথা থাকলে এক টাকাও দেয়নি রানা। এরইমধ্যে একটি টিভি চ্যানেলের প্রেগ্রামে চালানোর জন্য ভিডিওটি তৈরি করে দিতে বলেছিলো রানা। কিন্তু শ্যুটিংয়ের মাত্র তিনদিনের মাথায় সেটি সম্পাদনা করে পুরোপুরি তৈরি করা সম্ভব হয়নি। আমি তাকে বিষয়টি আগেই এস এম এস করে জানিয়েছিলাম। কিন্তু রানা ক্ষেপে গিয়ে ফেসবুকে আমাকে ইঙ্গিত করে যা খুশি তা বলেই গালাগাল করেছে।’

নিজের বক্তব্যে জিয়াউদ্দীন আলম সাংবাদিকদের কাছে এরকম বেয়াদবির শাস্তি দাবি করেন।

এদিকে এইচএম রানার ফেসবুকে গিয়ে দেখা যায় গতকাল ২২ মার্চ তিনি গালাগালি করে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে বিশেষ কাউকে ইঙ্গিত করলেও কারো নাম উল্লেখ করেননি।

আলম আরো জানালেন, অন্তর ঠিকানা গানটিতে রানার কন্ঠ আর থাকছে না। অন্য একজন জনপ্রিয় শিল্পীর কন্ঠে গানটি নতুন করে তৈরি করা হবে। এবং এর নতুন মিউজিক ভিডিও জিসান মাল্টিমিডিয়ার প্রযোজনায় বাজারে আসবে বলেও জানিয়েছেন জিয়াউদ্দিন আলম।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।