মৃত্যুর গুজবে ক্ষুব্ধ রুনা লায়লা, বললেন ‘আমি সম্পূর্ণ সুস্থ’

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪:৫৫ পিএম, ০৫ মে ২০২৬
রুনা লায়লা। ছবি: সংগৃহীত

ভারতের দিল্লিতে একটি পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে মৃত্যুর গুজবের শিকার হয়েছেন বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। সোমবার (৫ মে) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ করে তার মৃত্যুর ভুয়া খবর ছড়িয়ে পড়লে দেশ-বিদেশে ভক্তদের মধ্যে উদ্বেগ ও বিভ্রান্তি দেখা দেয়।

জানা যায়, ‘মিনার-ই-দিল্লি’ পুরস্কার অনুষ্ঠানে যোগ দেওয়ার পরপরই এই গুজব ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান শিল্পী নিজেই।

প্রিয় ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে রুনা লায়লা লেখেন, ‘আমার মৃত্যু নিয়ে কিছু অদ্ভুত গুজব ছড়াচ্ছে। কিন্তু আমি স্পষ্ট করে জানাতে চাই যে, আমি সম্পূর্ণ সুস্থ ও ভালো আছি। সবাইকে অনুরোধ করছি, এ ধরনের পোস্ট শেয়ার করার আগে তথ্য যাচাই করুন। কারণ এটি আমার এবং আমার পরিবারের জন্য অত্যন্ত কষ্টদায়ক।’

তিনি আরও জানান, হঠাৎ করেই বিভিন্ন দেশ থেকে একের পর এক ফোন ও বার্তা পেয়ে বিস্মিত ও বিরক্ত হয়েছেন।

রুনা লায়লা বলেন, ‘বাংলাদেশ, আমেরিকা, ইংল্যান্ড, ভারত, পাকিস্তান-সব জায়গা থেকেই পরিচিত ও শুভাকাঙ্ক্ষীরা ফোন করে জানতে চাইছেন আমি ঠিক আছি কি না। বিষয়টি সত্যিই অবাক করার মতো।’

এ ধরনের গুজব ছড়ানোয় ক্ষোভ প্রকাশ করে এই গুণী শিল্পী বলেন, এতে শুধু তিনি নন, তার পরিবারও মানসিকভাবে ভোগান্তির শিকার হয়। অতীতেও অনেক তারকাকে নিয়ে এমন ভুয়া খবর ছড়ানোর ঘটনা ঘটেছে বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন:
ছেলেকে ড্রাম শেখাচ্ছেন জেমস, ভাইরাল ভিডিও 
দুইবার অস্ত্রোপচারের পর কেমন আছেন তানিয়া বৃষ্টি 

তার মতে, এ ধরনের গুজব একটি সংঘবদ্ধ চক্রের কাজ হতে পারে। তাই এর সঙ্গে জড়িতদের শনাক্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি।

এমএমএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।