অ্যাকশন জেসমিন পিকনিকে


প্রকাশিত: ০৭:৫৮ এএম, ৩১ মার্চ ২০১৫

যা ভাবছেন ব্যাপারটা তা নয়। মুক্তির অপেক্ষায় থাকা ‘অ্যাকশন জেসমিন’ ছবিটি কোথাও যাচ্ছে না। ছবিটির নায়িকা ববি যাচ্ছেন ইফতেখার চৌধুরী পরিচালিত ‘পিকনিক’ চলচ্চিত্রে।

পিকনিক নামে একটি চলচ্চিত্র তৈরি করবেন অ্যাকশন ছবির পরিচালক হিসেবেই পরিচিত ইফতেখার চৌধুরী- এটা অনেক পুরনো খবর। নতুন খবর হলো এই ছবিতে প্রধান চরিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন অ্যাকশান গার্লখ্যাত ববি। ছবিটির প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া।

তবে মজার বিষয় হলো অ্যাকশান ফিল্মের পরিচালক ও নায়িকা এবার জুটি বাঁধলেন ভৌতিক কাহিনিনির্ভর ছবিতে। অর্থাৎ পিকনিক হতে যাচ্ছে কল্প কাহিনীতে ভরা বিনোদনের চলচ্চিত্র। জাজের সূত্রে আরো জানা গেল, এই ছবি দিয়েই জাজের চলচ্চিত্রে মাহি ছাড়া অন্য কোনো নায়িকা অন্তর্ভূক্ত হলেন।

বর্তমানে ‘অগ্নি–২’ ছবির শুটিংয়ে থাইল্যান্ডে অবস্থান করছেন ইফতেখার চৌধুরী। সবকিছু ঠিক থাকলে আগামী জুন মাসে পিকনিকের শুটিং শুরু হবে।

এদিকে ঢাকাই চলচিত্রের হট চিত্রনায়িকা ববির ‘অ্যাকশন জেসমিন’ ছবিটি সেন্সরে আটকে গেছে। এটিও পরিচালনা করেছেন নায়িকা ববির পছন্দের নির্মাতা ইফতেখার চৌধুরী।

ছবিতে ববিকে একজন সাহসী পুলিশ চরিত্রে দেখা যাবে। এরইমাঝে পুলিশের পোশাকে ববির পোস্টার প্রকাশিত হয়েছে। কেন ছবিটি মুক্তি পাচ্ছে না এর কারণ হিসেবে বিশ্বত সূত্রে জানা যায় ছবিটি আনকাট সেন্সর লাভ করেনি।

ছবিটিতে ববির নায়ক হলেন সাইমন সাদিক। এতে আরও অভিনয়ে রয়েছেন মিশা সওদাগর, মিজু আহমেদ, কাবিলা অনেকে।

উল্লেখ্য, ববি-সাইমন জুটির এটি দ্বিতীয় ছবি। এরআগে শফিক হাসান পরিচালিত স্বপ্ন ছোঁয়া ছবিতে বড় পর্দায় দেখা গেছে এই দুই তারকাকে।

এলএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।