চলচ্চিত্রের উন্নয়নে ফিল্ম সিটি হবে


প্রকাশিত: ১০:২৬ এএম, ৩১ মার্চ ২০১৫

বাংলাদেশের চলচ্চিত্রশিল্পকে আন্তর্জাতিক মানে পৌঁছে দেয়ার লক্ষে ফিল্ম সিটি করা হবে বলে জানানেল সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি।

সোমবার বিকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে আধুনিক চলচ্চিত্রের রূপকার আলমগীর কবির ফিল্ম সোসাইটির আয়োজনে দুইদিনব্যাপি ‘আলমগীর কবির চলচ্চিত্র উৎসব’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইকথা জানান।

আলমগীর কবিরের ভগ্নি বেগম মমতাজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী, চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক ড. জাহাঙ্গীর হোসেন ও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক এসএম হারুন-অর-রশীদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আসলাম শিহির।

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর তার বক্তব্যে আলমগীর কবির সম্পর্কে বলেন, ‘আমাদের দেশের সুস্থ চলচ্চিত্র বলতে যা বোঝায় তার সবকিছুরই শুরু করেছিলেন চলচ্চিত্রকার আলমগীর কবির। চলচ্চিত্র ভাবনা,চলচ্চিত্র নির্মানের ব্যাকরণ , চলচ্চিত্রের সমালোচনা কিভাবে করতে হবে প্রতিটি বিষয়ে দেশের তরুন সমাজকে তিনিই পথ দেখিয়েছেন। দেশের চলচ্চিত্র আন্দোলনের পুরো ভিত্তিটাই তৈরী করেছেন তিনি।’

তিনি ফিল্ম সিটি সম্পর্কে বলেন, ‘চলচ্চিত্রের উন্নয়নে ফিল্ম সিটির নকশা ইতিমধ্যে অনুমোদন করা হয়ে গেছে। এ ফিল্ম সিটিতি রেসিডেন্সিয়াল ফিল্ম ইন্ডাষ্ট্রিও করা হবে। আমাদের দেশের প্রতিভাবানদের অভাব নেই। তাদের সুযোগ করে দেয়ার চেষ্টা করছি।’

উপস্থিত অন্যান্য বক্তারা বলেন, এদেশের সুস্থ চলচ্চিত্র নির্মাতাদের চলচ্চিত্রের ভাষা শিক্ষা দেয়ার প্রথম শিক্ষক ছিলেন আলমগীর কবির। তার হাত ধরে জন্ম হয়েছিলো মোরশেদুল ইসলাম, তানভীর মোকাম্মেল, তারেক মাসুদ, মানজারে হাসিন মুরাদের মতো চলচিচ্ত্রকারদের।

উৎসবে আলমগীর কবির  সিকোয়েন্স এ্যাওয়ার্ড প্রদান করা হয়। এবারের সিকোয়েন্সপ্রাপ্তরা হলেন— সাবেক সচিব মহিউদ্দিন আহমেদ, নায়ক রাজ রাজ্জাক, সিরাজউদ্দিন আহম্মেদ,  খালেদা ফাহমি, লিয়াকত আলী লাকী, হানিফ সংকেত, লায়লা হক, তারিন ও মীর সাব্বির।

এ ছাড়া তরুণ নির্মাতাদের নির্মিত স্বল্পদৈর্ঘ্য সেরা চলচ্চিত্র ও সেরা চিত্রনাট্যকার ও শ্রেষ্ঠ পরিচালক এর পুরস্কৃার দেয়া হয়।

উদ্বোধনী পর্ব শেষে আলমগীর কবিরকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রতিকূলের যাত্রী প্রদর্শনের পাশাপাশি একে একে দংশন, আহ্বান (পোস্টার ৭১), আরশি, স্বপ্নপাখী, জার্জ অব ডাক, ইশ ও লেট দেয়ার বি লাইট-২ প্রদর্শিত হয়।

এলএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।