মোদির চরিত্রে কমেডিয়ান পরেশ রাওয়াল


প্রকাশিত: ১১:৪৫ এএম, ০৮ এপ্রিল ২০১৫

জিরো থেকে হিরো হওয়ার দৃষ্টান্ত তিনি। চা বিক্রেতা থেকে হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। এবার রোমাঞ্চকর এই জীবনী নিয়ে সেলুলয়েডের ফিতায় বন্দী হচ্ছেন নরেন্দ্র মোদি।

অবশ্য এটা বেশ পুরনো খবর। তবে নতুন খবরটা হচ্ছে মোদির চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন বি-টাউনের জনপ্রিয় অভিনেতা পরেশ রাওয়াল। আর তিনি নাকি স্বয়ং প্রধানমন্ত্রী মোদির অনুরোধেই রাজি হয়েছেন তার চরিত্রে অভিনয় করতে!

মোদির চরিত্রে অভিনয় প্রসঙ্গে বলিউডের এই অভিনেতা বলেন, ‘মোদিজি আমার স্বপ্নের পুরুষ। আমি উনার কর্ম এবং দলের ভক্ত। প্রথমে আমি মোদিজীর চরিত্রে অভিনয় করতে ভয় পাচ্ছিলাম, ভাবছিলাম এমন প্রস্তাবে রাজি হবো কি না। কারণ দর্শকরা আমাকে একজন কমেডিয়ান হিসেবে দেখে অভ্যস্ত, এমন চরিত্রে তারা কি আমায় নিতে পারবে? এমন নানা প্রশ্ন নিজের মধ্যে উঁকি দিচ্ছিলো। শেষ পর্যন্ত মোদিজীর অনুরোধে রাজিই হয়ে গেলাম।’

মোদির কথায় রাজি হলেও এখন তিনি এই চরিত্র নিয়ে প্রচুর হোমওয়ার্ক করছেন বলেও জানান। পরেশ রাওয়াল একজন অভিনেতা হিসেবে পরিচিত থাকলেও রাজনৈতিক জীবনে তিনি নরেন্দ্র মোদির বিজেপির ঘোর সমর্থক। গত নির্বাচনে আহমেদাবাদ থেকে দলটির হয়ে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে জয়ী হন তিনি।

মোদির আত্মজীবনী নিয়ে নির্মিতব্য চলচ্চিত্রটির এখনো নাম ঠিক হয়নি। তবে ছবিটি পরিচালনা করবেন মিতেশ প্যাটেল। ২০১৪ সালে প্রকাশিত কিশোর মাকওয়ানার বই ‘কমনম্যান নরেন্দ্র মোদি’ অনুসরণে নির্মিত চলচ্চিত্রটির চিত্রায়ন শুরু হবে আগস্টে। চলচ্চিত্রটি প্রযোজনাও করছেন পরেশ রাওয়াল।

এলএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।