রাজের সম্রাটে রাজা ইন্দ্রনীল
ছোট পর্দায় বাজিমাত করে বড় পর্দার নির্মাণে এসেছিলেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। স্বাভাবিকভাবেই তার কাছে দর্শকদের প্রত্যাশা ছিলো খানিকটা বেশি। সে প্রত্যাশা তিনি পূরণও করেছেন চলচ্চিত্র নির্মাণে।
শুরু থেকেই রাজ চমক দিয়ে দেখিয়েছেন ছবির গল্প, নির্মাণ আর চরিত্রানুযায়ী শিল্পী বাছাইয়ে। তার পরিচালানায় ‘প্রজাপতি’, ‘ছায়া-ছবি’ ও ‘তারকাঁটা’ ছবিতে দর্শকরা পেয়েছেন বিনোদনের পুরোভাগ।
আবারও চমক নিয়ে হাজির হতে যাচ্ছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। পরিচালনা করতে যাচ্ছেন ‘সম্রাট : দ্য কিং ইজ হেয়ার’ নামের নতুন ছবি। এতে রাজা নামের একটি চরিত্রে তিনি নিয়ে আসছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্তকে। তবে ছবিটির নাম ভূমিকায় অভিনয় করছেন ঢালিউডের কিং খান’খ্যাত শাকিব। এই দুই সুপারহিরোর সাথে জুটি বাঁধছেন হালের ক্রেজ অপু বিশ্বাস। শিল্পী বাছাইয়ের এই চমকের আভাসই সম্প্রতি দিলেন নির্মাতা রাজ।
এ বিষয়ে রাজ বলেন, ‘বেশ কিছুদিন আগেই ছবিটি বানানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু এতে কারা অভিনয় করবেন তা নিয়ে একটু দ্বিধায় ছিলাম। আমি চাইছিলাম দর্শকদের জন্য নতুন আর চমকে যাবার মতো কিছু নিয়ে আসতে। অবশেষে দুই দেশের এই তিন তারকাকে এক ফ্রেমে নিয়ে আসার পরিকল্পনা করেছি। আশা করছি আমার চমৎকার গল্পটি শাকিব-অপু-ইন্দ্রনীলের জমজমাট রসায়নে প্রাণবন্ত হয়ে উঠবে।’
‘সম্রাট’-এর গল্প আর চিত্রনাট্যও তৈরি করেছেন রাজ নিজেই। ছবিটি প্রযোজনা করছে টাইগার মিডিয়া। সহ-প্রযোজনায় সিনেমাওয়ালা ও অর্কি প্রোডাকশন।
এদিকে এ ছবিতে অভিনয় প্রসঙ্গে বেশ কিছু বাংলাদেশি গণমাধ্যমকে মুঠোফোনে প্রতিক্রিয়া জানিয়েছেন হিন্দী ও বাংলা চলচ্চিত্রে ভারতের প্রতিষ্ঠিত অভিনেতা ইন্দ্রনীল। তিনি বলেন, ‘চোরাবালি ছবিতে কাজ করে বাংলাদেশের চলচ্চিত্র ও দর্শকদের প্রতি সম্মান বেড়েছে আমার। আবারও বাংলাদেশের ছবিতে কাজের সুযোগ পাওয়ায় আমি খবুই আনন্দিত। মূলত রাজের ছবির গল্প আর আমার চরিত্রটা কাজটি হাতে নিতে উদ্বুদ্ধ করেছে। আমার চরিত্রটিকে শুরু থেকে শেষ না হওয়া পর্যন্ত রহস্যে ঘেরা। দর্শকরা গল্প যতো এগোবে ততোই চমকে যাবে। আশা করছি দারুণ একটি ছবি হবে।’
রাজ জানালেন, আগামী মাস থেকে শাকিব, ইন্দ্রনীল ও অপু এবং মিশা সওদাগর, আলীরাজ সহ অন্য কলাকুশলীদের নিয়ে ছবিটির দৃশ্যধারণ শুরু হবে।
এবার দেখার পালা, অভিনয়শিল্পীর চমক নিয়ে কতোটা সাফল্য পায় মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন ছবি ‘সম্রাট : দ্য কিং ইজ হেয়ার’।
এলএ/পিআর