রিয়া সেনের ফ্ল্যাটে আগুন
বাংলা ছবির কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনের নাতনি আর মুনমুন সেনের মেয়ে রিয়া সেনের ফ্ল্যাটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে প্রায় বেশিরভাগ আসবাব ও জিনিসপত্র।
জানা যায়, শনিবার রাতে রিয়া সেনের মুম্বাইয়ের ফ্ল্যাটে আগুন লাগে। দুর্ঘটনার সময় রিয়ার সঙ্গেই ছিলেন মা মুনমুন। আন্ধেরির রুইয়া পার্ক বিল্ডিংয়ের ৭ তলায় রিয়ার এই ফ্ল্যাট। আগুন লাগার পর স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় সিঁড়ি দিয়ে নিচে নেমে আসেন মুনমুন ও রিয়া।
আরো জানা গেছে, প্রথমে শোওয়ার ঘরের এসি থেকে ধোঁয়া বেরোতে দেখেন রিয়া ও মুনমুন। তার কিছুক্ষণের মধ্যেই আগুন ধরে যায়। ঘরে প্রচুর পরিমাণে আসবাব এবং ইলেকট্রনিক সরঞ্জাম থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে গোটা ফ্ল্যাটে।
খবর পেয়ে দমকল বাহিনী ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা চালায়। বেশ কিছুক্ষণের চেষ্টায় দমকলের ৮ থেকে ১০টি ইঞ্জিন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এলএ/এমএস