সোহেল অটলের কথায় আকাশ দিলাম খুলে
গানের মানুষদের নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চলছে গানমেলা। সোমবার, ১৩ এপ্রিল বিকেল সাড়ে ৪টায় গানমেলায় অনুষ্ঠিত হবে বৈশাখের মিক্সড অ্যালবাম ‘আকাশ দিলাম খুলে’ এর মোড়ক উন্মোচন।
সাংবাদিক সোহেল অটলের কথা এবং সুমন কল্যানের সুর ও সঙ্গীতে এই অ্যালবামে গান গেয়েছেন- ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার, লুৎফর হাসান, রন্টি দাস, মুহিন, তাসিফ, চন্দ্রা রায় ও বেলী আফরোজ।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অ্যালবামের কণ্ঠশিল্পীরা। এছাড়া আল হাসান ডায়মন্ড গ্যালারির মানেজিং ডিরেক্টর মোহাম্মদ খায়রুল হাসান, ঈগল মিউজিকের ব্যবস্থাপনা পরিচালক কচি আহমেদসহ অনেকে উপস্থিত থাকবেন।
সোহেল অটল জানালেন, অ্যালবামে ৮টি গান থাকছে। সেগুলোর শিরোনাম হলো- ‘কথা ছিল’, ‘নীল সমুদ্দুর’, ‘প্রজাপতি পথে’, ‘অভিমানী সন্ধ্যা’, ‘সুতোকাটা ঘুড়ি’, ‘লাল নীল ভালোবাসা’, ‘আকাশ দিলাম খুলে’ ও ‘মুঠো মুঠো সুখ’। গানগুলো শ্রোতাদের ভালো লাগবে বলে প্রত্যাশা সোহেল অটলের।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অ্যালবামটি করার সময় গানের কথায় গুরুত্ব দেয়া হয়েছে। সুমন দা সেগুলোর ভালো সুর ও সঙ্গীত করেছেন। শিল্পীরাও সবাই অসাধরণ গেয়েছেন যে যার মতো। আমার বিশ্বাস গানগুলো শ্রোতাদের মন ছুঁয়ে যাবে।’
অন্যদিকে সুরকার সুমন কল্যান বলেন, ‘এই অ্যালবামের কাজটা করে তৃপ্তি পেয়েছি। আমার পছন্দসহ লিরিক পেয়েছি। শিল্পী নির্বাচনও সুন্দর ছিল। গান শুনে রুচিশীল শ্রোতাদের ভালো লাগবে আশা করছি।’
‘আকাশ দিলাম খুলে’ অ্যালবামের আয়োজক কণ্ঠশিল্পী লুৎফর হাসানের। অ্যালবামটি প্রকাশ হয়েছে ‘ঈগল মিউজিক’ এর ব্যানারে। এটি স্পন্সর করেছে ‘আল-হাসান ডায়মন্ড গ্যালারি’।
এলএ/আরআই