এফডিসিতে বর্ণাঢ্য বৈশাখী মেলা


প্রকাশিত: ১১:৪৭ এএম, ১৩ এপ্রিল ২০১৫

পহেলা বৈশাখের আনন্দ সবখানে ছুঁয়ে যায়। বাঙালির স্বকীয়তার এই উৎসবকে প্রাণবন্ত করে রাখতে ভিন্ন এক আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি)।

পহেলা বৈশাখ উপলক্ষে বর্ণাঢ্য এক বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে এফডিসি ও চলচ্চিত্র পরিচালক সমিতি।

জানা গেছে, শুরুতেই এফডিসির ডিজিটাল সাউন্ড কমপ্লেক্সের সামনে বাংলা ১৪২২ সালকে বরণ করে নেয়া হবে। এরপর দিনব্যাপি এই বৈশাখী মেলায় নানা আয়োজন থাকছে। একপর্যায়ে চলচ্চিত্রে পদকপ্রাপ্তদের সংবর্ধনা জানানো হবে।

চিত্রপরিচালক মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘বাংলা নববর্ষকে আমরা চলচ্চিত্রাঙ্গনের সবাই মিলে একসাথে পালন করার উদ্দেশ্যে, প্রতিবছরের ন্যায় এই বছরও এই বর্ণাঢ্য আয়োজন। মূলত পরিচালক সমিতি অনুষ্ঠানটি আয়োজন করলেও চলচ্চিত্র সংশ্লিষ্ট সকল সমিতি সহযোগিতায় থাকছে। গত কয়েক বছর দেশের অস্থিতিশীল পরিরিস্থিতির কারণে আমরা বড় করে নববর্ষ উদযাপন করতে পারিনি। তাই এবার অনেক বড় আয়োজন করা হয়েছে। সবমিলিয়ে চলচ্চিত্রাঙ্গনের এক মহামিলন হবে বলা যায়’।

আয়োজনে থাকছে সকালে পান্তা-ইলিশ খাওয়া, দুপুরের খাবার ও বিকেল থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে বিকেল ৩টা থেকে। অনুষ্ঠানে চলচ্চিত্রের সঙ্গীতশিল্পীরা গেয়ে মাতাবেন। অভিনয়শিল্পীরা বিভিন্ন জমকালো পারফর্মেন্স দিয়ে দর্শকদের মুগ্ধ করবেন।

সবশেষে বৈশাখী মেলায় জাতীয় চলচ্চিত্র পুরষ্কার, একুশে পদক ও স্বাধীনতা পদকপ্রাপ্তদের চলচ্চিত্র পরিচালক সমিতির পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হবে।

এলএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।