ছয় বছর একসাথে তারা
নব্বই দশকে বাংলা চলচ্চিত্রে জনপ্রিয় জুটি হিসেবে সফলতা পেয়েছিলেন ওমর সানী ও মৌসুমী। একসাথে কাজ করতে গিয়েই তাদের কাছে আসা ও বিয়ে। অভনয়ের সেই দিন আর নেই। সময়ের সাথে নতুনদের জায়গা দিতে গিয়ে নিজেদের গুটিয়ে নিচ্ছন তারা।
মৌসুমী টুকটাক টিকে থাকলেও নায়ক হিসেব আর কাজ করছেরন না ওমর সানী। মাঝে মধ্যে তার দেখা মিলে চরিত্রাভিনেতা হিসেবে। তবে নতুন খবর হলো ছয় বছর পর রুপালি পর্দায় এক ছবিতে অভিনয় করলেন দর্শকপ্রিয় জুটি ওমর সানী ও মৌসুমী। প্রয়াত বেলাল আহমেদ’র ‘ভালোবাসবোই তো’ চলচ্চিত্রে অভিনয় করেছেন তারা দু’জন। এরইমধ্যে চলচ্চিত্রটি সেন্সর সনদপত্র লাভ করেছে। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই চলচ্চিত্রটি কবে নাগাদ মুক্তি পাবে সে ব্যাপারে এখনো কোন চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি।
মৌসুমীর সঙ্গে অভিনয় প্রসঙ্গে ওমর সানী বলেন, ‘গল্পের প্রয়োজনেই বেলাল ভাইয়ের শেষ চলচ্চিত্রে অভিনয় করেছি। তবে আমাকে এবং মৌসুমীকে কী ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে সেটা আপাতত চমক হিসেবেই না হয় থাক। দর্শক হলে গিয়েই দেখবেন কেমন হলো আমাদের ‘ভালোবাসবোই তো’র গল্প। আমার বিশ্বাস এই চলচ্চিত্রে দর্শক নতুন এক মৌসুমীকে খুঁজে পাবেন।’
ওমর সানী ও মৌসুমী সর্বশেষ ২০০৯ সালে শাহীন সুমনের পরিচালনায় ‘সাহেব নামের গোলাম’ চলচ্চিত্রে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছিলেন। এরপর তাদের দু’জনকে আর একসঙ্গে অভিনয়ে দেখা যায়নি।
ওমর সানী মৌসুমী জুটির প্রথম চলচ্চিত্রে ছিলো ‘দোলা’। এটি ১৯৯৩ সালে মুক্তি পায়।
এলএ/আরআইপি