প্রকাশ হলো বাপ্পার রবীন্দ্রসংগীতের অ্যালবাম


প্রকাশিত: ০২:২২ পিএম, ১৩ এপ্রিল ২০১৫

জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের প্রথম রবীন্দ্রসংগীতের অ্যালবাম ‘বেঁধেছি আমার প্রাণ’ বাজারে এসেছে। এতে ঠাঁই পেয়েছে ভিন্ন কবিগুরুর স্বাদের আটটি গান।

অ্যালবামটি প্রকাশ করেছে জিরোনা বাংলাদেশ এবং পৃষ্ঠপোষকতা করছে ব্র্যাক ব্যাংক।

রোববার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্টুরেন্টে অ্যালবামটির মোড়ক উম্মেচন করা হয়। এতে বাপ্পা মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব শংকর সাঁওজাল, সংগীত পরিচালক এবং বাপ্পার বড় ভাই পার্থ মজুমদার, জিরোনা বাংলাদেশ প্রাইভেট লিমিটেড ও এম কে গ্রুপের চেয়ারম্যান মতিউর রহমান, জিরোনা বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর শুভজিৎ রায়,  ব্র্যাক ব্যাংকের হেড অব কমিউনিকেশন অ্যান্ড সার্ভিস কোয়ালিটি জারা জাবিন মাহবুব প্রমুখ।

অ্যালবামটিতে নতুন করে যেসব গানের সংগীতায়োজন করা হয়েছে সেগুলো হলো, ‘আমার পরাণ যাহা চায়’, ‘আমি চিনি গো চিনি’, ‘তুমি কোন কাননের ফুল’, ‘ভালোবেসে সখী’, ‘এমন দিনে তারে বলা যায়’, ‘আমি তোমার সঙ্গে বেঁধেছি’, ‘পুরনো সেই দিনের কথা’ এবং ‘মনে কি দ্বিধা’। নতুন করে গানগুলোর সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার নিজেই।

অ্যালবামটি প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, ‘বিভিন্ন সময় অনেক শিল্পীর জন্য রবীন্দ্রসংগীতের সংগীতায়োজন করেছি। আমার নিজেরও অনেক দিনের ইচ্ছা ছিল রবীন্দ্রনাথের গান নিয়ে পূর্ণাঙ্গ একটি অ্যালবাম বের করার। এবার সেটা করতে পেরে খুব ভালো লাগছে। চেষ্টা করেছি মূল সুরের সঙ্গে সঙ্গতি রেখে গানগুলো গাওয়ার। সংগীতায়োজন করেছি খুব যত্ন নিয়ে। বাকিটা শ্রোতারা শুনেই বিচার করবেন।’

বিশ্বের ২৫০টি দেশের ৭৫০টি পোর্টালে গানগুলো পাওয়া যাচ্ছে। বাংলাদেশে বিশেষভাবে পাওয়া যাচ্ছে রকমারি ডট কম এবং দেশালের সবগুলো শোরুমে।

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।