সুমনের এপিটাফ-১৫ প্রকাশ
নববর্ষ উপলক্ষে ইউটিউবে প্রকাশ হলো অর্থহীন ব্যান্ডের সুমনের গানের ভিডিও। ‘এপিটাফ-২০১৫’ শিরোনামের নতুন ভিডিওটিতে তার সঙ্গে কাজ করেছেন নবীন শিল্পী জুহি ও গিটারিস্ট মহান। ভিডিওটি পরিচালনা করেছেন সুমন নিজে।
সুমন কথাচ্ছলে জানালেন এই গান নিয়ে মজার এক তথ্য। তিনি বলেন, ‘একটি বিয়ের অনুষ্ঠানের ভিডিওতে দেখি একটি মেয়ে অর্থহীনের গান গাইছে। পরে তাকে নিয়ে গানটি করেছি। তার নাম জুহি। আর মহান নামের একজন গিটারিস্টও এ গানে আছে। অসাধারণ তার কাজ। ভিডিওটি দেখলেই সবাই বুঝতে পারবে। তারা ‘বৃষ্টি কেন’ নামের আমার নতুন গানেও সঙ্গে আছেন। এটির অডিও সংস্করণ সাউন্ডক্লাউডে প্রকাশ করেছি।’
এদিকে চলতি বছরের ডিসেম্বরে আসছে অর্থহীনের নতুন অ্যালবাম। এটির কাজ এখন চলছে পুরোদমে। আর জুলাইয়ে প্রকাশ হবে সুমন ও আনিলার দ্বৈত গানের অ্যালবাম ‘এখন আমি-২’। এতে গান রয়েছে ৯টি। এগুলোর সুর ও কথা লিখেছেন সুমন। সংগীতায়োজনে তার সঙ্গে আছেন রাফা।
এলএ/আরআই