শাহরুখের পর নিষিদ্ধ ঐশ্বরিয়াও!


প্রকাশিত: ১০:৪৭ এএম, ১৫ এপ্রিল ২০১৫

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বলিউড বাদশাহ শাহরুখ খানের প্রবেশ নিষেধ। এবার সেখানে প্রবেশে নিষেধাজ্ঞা পেলেন সাবেক বিশ্ব সুন্দরী ও বচ্চন বাড়ির বউ ঐশ্বরিয়া রাই বচ্চনও।

দু’জনের নিষিদ্ধের ধরণ দুই রকম হলেও কারণ কিন্তু ওই আইপিএল।  আইপিএল-৮ এর কারণে স্টেডিয়ামে ঢোকার অনুমতি পেলেন না দেবদাসের পার্বতী খ্যাত এ অভিনেত্রী।

ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেল, সঞ্জয় গুপ্তর ‘জজবা’ ছবির শুটিং হওয়ার কথা ছিল ওই স্টেডিয়ামে। ছবির টিম শুটিং করার অনুমতিও পেয়েছিল। কিন্তু আইপিএল-৮ এর সূচি অনুযায়ী ওই দিনেই স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে পাঞ্জাব সুপার কিংসের খেলা পড়ে যায়। আর তাই অনুমতি ফিরিয়ে নেয় স্টেডিয়াম কর্তৃপক্ষ। ফলে ঐশ্বরিয়ার নির্ধারিত শুটিং বাতিল হয়ে যায়।

উল্লেখ্য, জজবা ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে অনেকদিন পর আবার চলচ্চিত্রে দেখা যাবে ঐশ্বরিয়াকে। এ ছবিতে দেখা যাবে ইরফান খানকেও। মেয়ে আরাধ্য’র জন্য বেশ কিছুদিন লাইট-ক্যামেরার দুনিয়া থেকে দূরে ছিলেন ঐশ্বরিয়া।

অক্টোবর মাস নাগাদ ছবির মুক্তি মাথায় রেখেই পুরোদমে কাজ করে চলেছে টিম ‘জজবা’।

প্রসঙ্গত, ২০১৩ সালের আইপিএলেরই একটি ম্যাচ শেষে স্টেডিয়ামের নিরাপত্তারক্ষীদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন কিং খান। যদিও শাহরুখের তরফে যুক্তি দেওয়া হয়, তার ছেলে মেয়ের সঙ্গে খারাপ ব্যবহার করা হচ্ছিল বলেই মাথা গরম করে ফেলেন তিনি। কিন্তু সেই ঘটনার জেরেই স্টেডিয়ামে ঢোকায় পাঁচ বছরের নিষেধাজ্ঞা জারি করা হয় তাঁর নামে।

এলএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।