তিন দশক পর আবারও


প্রকাশিত: ০১:০৪ পিএম, ২৫ এপ্রিল ২০১৫

‘ঘরে বাইরে’ ছবিটি ১৯৮৫-তে মুক্তি পেয়েছিল। তার তিন দশক পেরিয়ে ২০১৫-র মে মাসে মুক্তি পাচ্ছে ‘বেলাশেষে’। এতে আবারও জুটি বেঁধে অভিনয় করেছেন ‘ঘরে বাইরে’ ছবির জুটি সৌমিত্র চট্টোপাধ্যায় ও স্বাতীলেখা সেনগুপ্ত।

শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত এই নতুন ছবি মুক্তি পাচ্ছে আগামী সপ্তাহে, ১ মে। ‘বেলাশেষে’ ছবিতে এক প্রবীণ দম্পতির ভূমিকায় অভিনয় করেছেন সৌমিত্র ও স্বাতীলেখা। পুত্র, কন্যা, পুত্রবধূ ও জামাইদের নিয়ে তাদের একান্নবর্তী পরিবার।

আজকালকে সৌমিত্র জানিয়েছেন, ‘স্বাতীলেখার সঙ্গে আবার কাজ করার ইচ্ছে থাকলেও, তা হয়ে ওঠেনি। শিবপ্রসাদকে ধন্যবাদ আমাদের আবার একসঙ্গে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য।’

অন্যদিকে স্বাতীলেখা জানিয়েছেন, ‘সৌমিত্রবাবুর সঙ্গে কাজ করার স্বাদটাই আলাদা। শিবুর ছবির চিত্রনাট্যটাও বেশ ভাল।’

আর শিবপ্রসাদ জানালেন, ‘আমার প্রত্যেকটা ছবিতেই কোনও একটা কামব্যাক বা নতুন করে দেখার প্রসঙ্গ জড়িয়ে আছে। ‘ইচ্ছে’ ছবিতে দর্শক নতুন করে পেয়েছিলেন সোহিনী সেনগুপ্তকে এবং ‘রামধনু’তে নতুন ভাবে হাজির হয়েছিলেন গার্গী। ‘মুক্তধারা’তে জীবনের মূল স্রোতে কামব্যাক করেছিলেন নাইজেল আকারা। তেমনি ‘বেলাশেষে’তে কামব্যাক ঘটবে স্বাতীলেখা সেনগুপ্তর।’

ছবিতে সৌমিত্র বা স্বাতীলেখা ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, শঙ্কর চক্রবর্তী, ইন্দ্রাণী দত্ত, মনামী ঘোষ প্রমুখ।

এলএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।