সুপারহিট ‘হাওয়া’র স্টাইলে শুরু, জাহাঙ্গীরনগরে বসছে ‘রইদের গান’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪১ এএম, ১১ মে ২০২৬
সুপারহিট ‘হাওয়া’র স্টাইলে প্রচারণা, জাহাঙ্গীরনগরে বসছে ‘রইদের গান’

নির্মাতা মেজবাউর রহমান সুমনের সুপারহিট ‘হাওয়া’ সিনেমার মতো এবারও গান দিয়েই দর্শকের কাছে পৌঁছাতে চাইছে নতুন সিনেমা ‘রইদ’। সেই ধারাবাহিকতায় আগামী ১২ মে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ কনসার্ট ‘রইদের গান’।

এর আগে ‘হাওয়া’ সিনেমার প্রচারণায় ‘সাদা সাদা কালা কালা’, ‘আটটা বাজে দেরি করিস না’ ও ‘হাওয়া’ গানগুলো দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়েছিল দর্শক-শ্রোতার মুখে মুখে। একই কৌশলেই এবার ‘রইদ’ সিনেমার প্রচারে মাঠে নেমেছে নির্মাতা দল।

জহির রায়হান চলচ্চিত্র সংসদের আয়োজনে অনুষ্ঠিতব্য এ কনসার্টে পারফর্ম করবে মেঘদল, বেঙ্গল সিম্ফনি, সহজিয়া ও সোহাগস ফ্রিকুয়েন্সি।

অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। এতে উপস্থিত থাকবেন ‘রইদ’ সিনেমার অভিনয়শিল্পী ও কলাকুশলীরাও।

ইতিমধ্যে প্রকাশ পেয়েছে সিনেমাটির দুটি গান। ‘রইদে আইলা গা জুড়াইতে’ গানটির কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন সহজিয়া ব্যান্ডের রাজীব আহমেদ রাজু। সংগীত পরিচালনা করেছেন রাশীদ শরীফ শোয়েব। অন্যদিকে সদ্য প্রয়াত পশ্চিমবঙ্গের বাউলশিল্পী কানাই দাস বাউলের কণ্ঠে প্রকাশ পেয়েছে ‘মন ছাড়া কি মনের মানুষ রয়’। মাতান চাঁদ গোঁসাইয়ের লেখা এ গানের নতুন সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী।


কানাই দাস বাউলের কণ্ঠে প্রকাশ পেয়েছে ছবির দ্বিতীয় গান ‘মন ছাড়া কি মনের মানুষ রয়’

এছাড়া সিনেমায় রয়েছে মেঘদল ব্যান্ডের গানও। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই আয়োজনে প্রথমবারের মতো সেই গান সরাসরি পরিবেশন করবে ব্যান্ডটি।

‘রইদ’ সিনেমায় অভিনয় করেছেন নূর ইমরান, নাজিফা তুষি, গাজী রাকায়েত প্রমুখ। সাধু, তার পাগল স্ত্রী এবং একটি তালগাছকে ঘিরে নির্মিত এই গল্পে আদম-হাওয়ার আদিম আখ্যানের প্রতিফলন খুঁজেছেন নির্মাতা। গল্প লিখেছেন মেজবাউর রহমান সুমন ও সেলিনা বানু মনি।

 

এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।