লুবনা চর্যার ছবি নিয়ে জোনাকী
রাজধানীতে আঁলিয়স ফ্রঁসেজ দ্য ঢাকার গ্যালারী জুম-এ শুরু হয়েছে ‘জোনাকী’ শীর্ষক চিত্র প্রদর্শনী। এটি চিত্রশিল্পী শিল্পী লুবনা চর্যার এর প্রথম একক প্রদর্শনী। এই প্রদর্শনীতে প্রায় ১৮ টি চিত্রকর্ম স্থান পেয়েছে। শুক্রবার, ২৪ এপ্রিল ২০১৫ আঁলিয়স ফ্রঁসেজ দো ঢাকার ক্যাফে-লা-ভেরান্দায় প্রদর্শনীর শুভ উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন কামাল চৌধুরী, কবি ও সচিব, জন প্রশাসন মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ কে এম জাকারিয়া, সহ সম্পাদক, দৈনিক প্রথম আলো এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব শংকর সাঁওজাল।
আঁলিয়স ফ্রঁসেজ দো ঢাকার পরিচালক ব্রুনো প্লাস সম্মানিত অতিথিদের স্বাগত জানান এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
শিল্পী লুবনা চর্যার জন্ম খুলনাতে। পড়াশুনা করেছেন ইংরেজি সাহিত্য নিয়ে। কিন্তু তিনি ছবি আঁকেন এবং নিজের মতো গড়ে নিয়েছেন এক ছবির জগৎ। তার ছবিগুলো তার চিন্তা ভাবনারই প্রতিনিধিত্ব করে। চারপাশের যা কিছু তাকে ভাবায় তাই তিনি আঁকেন এবং শেয়ার করতে চান অন্যদের সাথে। তার স্টাইল, রঙের ট্রিটমেন্ট, কম্পোজিশন একান্তই তার নিজের।
চিত্রকর্মে লুবনা চর্যার কোন অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড নেই। তিনি এ আঙিনায় সশিক্ষিত এবং চিত্রকলা তার নিজেকে উপস্থাপনের একটি বিশ্বস্ত মাধ্যম। তিনি কবিতাও লেখেন। তাই তার কবিতা এবং ছবির সাথে রয়েছে প্রচুর মিল।
অনেকে তার ছবিগুলোকে বলেন, দার্শনিক ছবি। তিনি নিজে তার ছবিকে বলেন, কাব্যিক। তার ছবির ভাবনা ও উপস্থাপন কবিতার সাথে মিলে যায়। প্রতিটি ছবিরই রয়েছে আলাদা আলাদা গল্প। শুধু ছবি আঁকার জন্যই তিনি ছবি আঁকেন না।
চাইলেই অন্য রকম বিনোদনে মন রাঙাতে চলে যেতে পারেন সোমবার থেকে বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে রাত ৯টা এবং শুক্রবার ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত যে কোনো সময়ে। রোববার সাপ্তাহিক বন্ধ। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত, চলবে ৭ ই মে পর্যন্ত।
এলএ/আরআই