কলকাতায় পুরস্কৃত ফেরদৌস ও বেলাল খান
দেশের গন্ডি পেরিয়ে এবার বিদেশের মাটিতেও সম্মানিত হতে যাচ্ছেন বাংলাদেশের শিল্পীরা। বাংলা চলচ্চিত্র ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ চিত্রনায়ক ফেরদৌস ও সঙ্গীত তারকা বেলাল খানকে পুরস্কৃত করেছে ভারতের কলকাতার টেলি-সিনে সোসাইটি।
এবার বসেছে এর ১৪তম আসর। কলকাতায় রোববার বিকেলে কলকাতার নজরুল মঞ্চে আয়োজিত এক অনুষ্টানে পুরস্কার তুলে দেওয়া হয়েছে ফেরদৌস ও বেলাল খানের হাতে।
বিষয়টি নিশ্চিত করে টেলি-সিনে সোসাইটির সভাপতি শুভাশীষ মুখার্জী ও জেনারেল সেক্রেটারি মুন্ময় কাঞ্জিলাল জানান, বাংলা চলচ্চিত্র ও সংস্কৃতিতে পনের বছর ধরে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ফেরদৌসকে ও চলচ্চিত্রে অসামান্য গান উপহার দেওয়ার জন্য কণ্ঠশিল্পী বেলাল খানকে পুরস্কৃত করা হচ্ছে।
এ পুরস্কারের জন্য ফেরদৌস কৃতজ্ঞতা জানিয়েছেন টেলি-সিনে সোসাইটির প্রতি। পাশাপাশি বেলাল খান তদাবি করেছেন, এই স্বীকৃতি তার সঙ্গীত ক্যারিয়ারের জন্য গৌরবের।
প্রসঙ্গত, মাসুদ পথিক পরিচালিত অনুদানের চলচ্চিত্র ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ সিনেমায় ‘ইস্টিশন’ গানে কণ্ঠ দিয়ে পুরস্কার পেলেন বেলাল খান।
উল্লেখ্য, ফেরদৌস ও বেলাল ছাড়াও বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান ও পরিচালক হাসিবুর রেজা কল্লোলকেও এদিন পুরস্কার দেয়া হয়েছে।
এলএ