জেবা জান্নাতের অভিযোগে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’র সেন্সর বাতিল

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪:২৮ পিএম, ১৩ মে ২০২৬
জেবা জান্নাতের অভিযোপের পর ‘কন্ট্রাক্ট ম্যারেজ’র সেন্সর বাতিল করা হয়েছে।

অভিনেতা ও নির্মাতা হাসান জাহাঙ্গীর পরিচালিত ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমার সেন্সর সনদ বাতিল করেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। অভিনেত্রী জেবা জান্নাতের লিখিত অভিযোগের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (১৩ মে) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি।

তিনি জানান, শুরুতে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-কে সেন্সর ছাড়পত্র দেওয়া হয়েছিল। তবে তখন এ প্রকল্প নিয়ে কোনো অভিযোগ ছিল না। পরে প্রজেক্টের সঙ্গে যুক্ত অভিনেত্রী জেবা জান্নাত লিখিত অভিযোগ দেন।

মাসুমা রহমান তানির ভাষ্য, জেবাকে শুরুতে এটি নাটক হিসেবে জানিয়ে চুক্তিবদ্ধ করা হয়েছিল। কিন্তু পরে সেটি সিনেমা হিসেবে মুক্তির পরিকল্পনা করা হলে তিনি আপত্তি জানান। পাশাপাশি তার সঙ্গে চলচ্চিত্র সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক চুক্তিও হয়নি বলে অভিযোগ করেন। এসব কারণেই সিনেমাটির মুক্তির অনুমতি বাতিল করা হয়েছে।

এদিকে এই প্রজেক্টে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনিও বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।

এক অডিও বার্তায় মৌসুমী বলেন, যুক্তরাষ্ট্রে একটি মেয়ের সংগ্রামের গল্প নিয়ে ছোট পরিসরের নাটক নির্মাণের কথা ছিল। পরে নির্মাতা হাসান জাহাঙ্গীরের অনুরোধে কাজটি টেলিফিল্ম হিসেবে প্রচারের বিষয়েও তিনি সম্মতি দেন। তবে সম্প্রতি এটি সিনেমা হিসেবে মুক্তির খবর দেখে বিস্মিত হয়েছেন বলে জানান অভিনেত্রী।

আরও পড়ুন:
হামে আক্রান্ত হয়ে মৃত শিশুগুলোর অভিশাপ নিন: আসিফ আকবর 
জেলের ভেতর শাকিবের গান, কৌতূহল বেড়েছে ‘রকস্টার’র নতুন গান নিয়ে 

অভিযোগ প্রসঙ্গে জেবা জান্নাতও দাবি করেন, তাকে নাটকের কথা বলে কাজ করানো হয়েছিল। শুটিং চলাকালে নানা জটিলতার মধ্যে পড়ার পর তিনি জানতে পারেন এটি সিনেমা হিসেবে মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। এরপর থেকেই বিষয়টি নিয়ে আপত্তি তোলেন তিনি।

‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী, হাসান জাহাঙ্গীর ও জেবা জান্নাত।

এমএমএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।