মিমের ম্যাজিক


প্রকাশিত: ০৩:১৬ পিএম, ২১ মে ২০১৫

লাক্স সুন্দরী হিসেবে শোবিজে যাত্রা শুরু বিদ্যা সিনহা মিমের। তারপর থেকেই ম্যাজিক দেখিয়ে চলেছেন। সে নাটকে হোক আর বিজ্ঞাপন-চলচ্চিত্রেই হোক। সাফল্যও পেয়েছেন আকাশ ছোঁয়া।

এবার তিনি অভিনয় করলেন ‘ম্যাজিক’ নামের নাটকে। জাকারিয়া সৌখিনের রচনায় এনটিভির জন্য নাটকটি পরিচালনা করেছেন আরিফ এ আহনাফ। এতে মিম ছাড়াও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, অনিন্দ্য, কাজী উজ্জ্বল প্রমূখ।

নাটকের গল্পে দেখা যাবে তরুণ ম্যাজিশিয়ান জিবরান। অল্প বয়সেই সে নাম করেছে। অন্যের থেকে ধার করা ম্যাজিক দিয়ে ক্যারিয়ার শুরু করলেও সে নিজেও কিছু ম্যাজিক তৈরি করেছে। আর এ কারণেই তার নাম ছড়িয়ে পড়েছে। জিবরানের মাথায় এখন নতুন একটা ম্যাজিকের ছক ঘুরছে।

তার বিশ্বাস ম্যাজিকটি দেখাতে পারলে সে ইতিহাস হয়ে যাবে। ম্যাজিকটি হচ্ছে আকাশ থেকে পরী নামানো। ম্যাজিক দিয়ে সে সত্যিকারের পরী নামাতে চায়। অনেক চেষ্টা করে রাত-দিন খেটে ম্যাজিকটির সূত্র সে পেয়ে যায়। সত্যি সত্যিই সে আকাশ থেকে পরী নামিয়ে ফেলে!

পরীটি জিবরানের সামনে বসে আছে, খুব লক্ষী। পরীটাকে আবার আকাশে পাঠিয়ে দিতে হবে। কিন্তু জিবরান তা পারছে না। কারণ সে পরী নামানোর সূত্রটিই শুধু আবিষ্কার করেছে। তাকে ফেরৎ পাঠানোর সূত্র পায়নি।

এমনি অদ্ভূত এক জাদুকরের গল্প নিয়ে নির্মিত এ নাটকটি এনটিভিতে প্রচার হবে শুক্রবার রাত ১২.১০ মিনিটে।

এলএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।