নাটকের নাম ‘উড়ে যায় তৈয়বপক্ষী’ রাখার পরামর্শ ছিলো

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৫৪ পিএম, ১৪ মে ২০২৬
তৈয়বের জনপ্রিয়তা দেখে নাটকের নাম ‘উড়ে যায় তৈয়বপক্ষী’ রাখার পরামর্শ

জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সৃষ্টি আজও দর্শকের কাছে সমান জনপ্রিয়। বই, নাটক কিংবা সিনেমা- সব মাধ্যমেই তার কাজ নতুন প্রজন্মের কাছেও মুগ্ধতা ছড়াচ্ছে। সেই তালিকায় রয়েছে বহুল আলোচিত ধারাবাহিক নাটক ‘উড়ে যায় বকপক্ষী’।

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নাটকটির বিভিন্ন অংশ নতুন করে ভাইরাল হয়েছে। বিশেষ করে ‘তৈয়ব’ চরিত্রটি নিয়ে দর্শকদের আগ্রহ ও হাস্যরসাত্মক আলোচনা চোখে পড়ছে সবচেয়ে বেশি। এই চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা ফারুক আহমেদ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, শুরুতে ‘তৈয়ব’ চরিত্রটি খুব বড় ছিল না। অল্প সময়ের মধ্যেই চরিত্রটির গল্প শেষ হওয়ার কথা ছিল। তবে পরে হুমায়ূন আহমেদ চরিত্রটির গুরুত্ব বাড়িয়ে দেন।

ফারুক আহমেদ বলেন, ‘আলাদা কোনো প্রস্তুতি নিতে হয়নি। কারণ শুরুতে চরিত্রটি এত গুরুত্বপূর্ণ ছিল না। পরে স্যার কী মনে করে যেন চরিত্রটা দীর্ঘ করেন।’

তিনি আরও বলেন, ‘হয়তো আমার অভিনয় দেখে স্যার চরিত্রটা রেখে দেন। একেবারে শেষ পর্যন্ত নিয়ে যান। তখন একবার মেহের আফরোজ শাওন মজা করে বলেছিলেন, নাটকের নাম ‘উড়ে যায় বকপক্ষী’ না রেখে ‘উড়ে যায় তৈয়বপক্ষী’ রাখেন।’

গ্রামের একটি গানের দলকে কেন্দ্র করে নির্মিত এই নাটকটি একসময় বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হতো। এতে আরও অভিনয় করেছিলেন মাসুম আজিজ, ড. ইনামুল হক, এজাজুল ইসলাম, রিয়াজ, শাওনসহ অনেকে।

 

এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।