কবিতার জন্য অমিতাভকে কোটি টাকার নোটিশ!
সোশ্যাল মিডিয়ায় সবসময়ই সরব বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। কিন্তু এখানে একটি কবিতা শেয়ার করার জন্য কোটি টাকার আইনি নোটিশ পাবেন তিনি তা কে জানত!
হ্যাঁ, সত্যি তাই হয়েছে শোলে খ্যাত এই তারকার বেলায়। নিজের টুইটারে একটি কবিতা শেয়ার করে বিপাকে পড়লেন অমিতাভ বচ্চন। ড: জগবীর রাঠী নামের এক ব্যক্তি অভিযোগ করলেন তার লেখা কবিতা অন্য একজনের নাম করে শেয়ার করেছেন বলিউডের এই মেগা স্টার।
এমডিইউ ওয়েলফেয়ার ইউথ-এর ডিরেক্টর রাঠী এক কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে বিগ-বি-কে আইনি নোটিশ পাঠিয়েছেন। ১৫ দিনের মধ্যে এই নোটিশের প্রতিক্রিয়া জানাতে হবে সিনিয়র বচ্চনকে।
রাঠীর অভিযোগ ২০০৬ সালে তাঁর লেখা একটি কবিতা টুইটারে অমিতাভ বচ্চনের এক ফলোয়ার বিকাশ দুবে শেয়ার করেছিলেন। অমিতাভ সেই কবিতা পরে তাঁর টুইটার ও ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন। কবি হিসেবে নাম দেন তাঁর ফলোয়ার বিকাশ দুবের।
রাঠীর অভিযোগ গত প্রায় এক বছর ধরে এই বিষয়ে কথা বলা জনার জন্য ফেসবুক ও টুইটারে তিনি লাগাতার অমিতাভের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে গেছেন। কিন্তু বীপরিত দিক থেকে কোনও জবাব মেলেনি।
এরপরেই নিজের আইনজীবীকে দিয়ে বিগ বি-কে আইনি নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নেন রাঠী।
এখন দেখা যাক, এই নোটিশের বিপক্ষে কী জবাব বা প্রতিক্রিয়া দেন বিগ বি।
এলএ