কুড়িগ্রামে ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেলো কৃষকের
কুড়িগ্রামের নাগেশ্বরীর কচাকাটায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে রিয়াজুল ইসলাম (৩৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় এক কিশোর ও এক গৃহবধূ আহত হন।
শনিবার (১৬ মে) বেলা ১১টার দিকে উপজেলার কেদার ইউনিয়নের চর বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে। কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অর্পণ কুমার দাস এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত রিয়াজুল উপজেলার কেদার ইউনিয়নের চর বিষ্ণুপুর গ্রামের কেরামত আলীর ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, সকালে রিয়াজুল ইসলাম বাড়ির পাশে নিজ জমিতে ধান কাটতে যান। ১১টার দিকে হঠাৎ বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। এ সময় বজ্রপাত ঘটলে মাঠেই বজ্রাঘাতে গুরুতর আহত হন রিয়াজুল। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
এদিকে একই সময় মাঠে ছাগল আনতে গিয়ে বামনডাঙ্গা ইউনিয়নের আশরাফুল ইসলামের ছেলে কিশোর বায়েজিদ (১৫) ও একই এলাকার গৃহবধূ ইসমোতারা রান্না ঘরে থাকা অবস্থায় আহত হয়। তাদের দুজনকে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পন কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
রোকনুজ্জামান মানু/কেএইচকে/এমএস