আজ ঢাকায় আসছেন দীপিকা


প্রকাশিত: ০২:৫৩ এএম, ৩০ মে ২০১৫

সৌন্দর্য-সৌরভে বাংলাদেশি ভক্তের বিমোহিত করতে লাক্স শুভেচ্ছাদূত হিসেবে আজ ঢাকায় আসছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি তিনি রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন। ইউনিলিভার বাংলাদেশের লাক্স সাবানের প্রচারণার অংশ হিসেবেই তিনি ঢাকায় আসছেন। আয়োজন সংশ্লিষ্ট একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, দীপিকা পাড়ুকোন বর্তমানে কলকাতায় রয়েছেন। দুপুরে তিনি ঢাকার উদ্দেশে রওনা হবেন। রোববার সকালেই তিনি আবারও ভারতে ফিরে যাবেন। দীপিকাকে নিয়ে আয়োজিত অনুষ্ঠানটি দুটি ভাগে ভাগ করা হয়েছে। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে পণ্য প্রচারণার কাজে অংশ নেবেন দীপিকা।


প্রচারণার কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই দীপিকাকে অভর্থ্যনা জানাতে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। এ আয়োজনে দীপিকার জনপ্রিয় গানে পারফর্ম করবেন দেশের শীর্ষ তারকারা। তাদের মধ্যে রয়েছেন বিদ্যা সিনহা মিম, মেহজাবীন ও শানারেই দেবী শানু। তবে অনুষ্ঠানের আয়োজকরা বিশেষ চমক রাখতেই পুরো আয়োজনের বিষয়টি নিয়ে বিস্তারিত জানাননি।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।