আলোচনায় অনন্ত, পরাজিত অনন্ত!
প্রযোজক কাম নায়ক হিসেবে ঢালিউড ছবিতে আবির্ভাব গার্মেন্টস ব্যবসায়ী অনন্ত জলিলের। ২০১২ সালে হাল সময়ের আলোচিত চলচ্চিত্র নির্মাতা ইফতেখার চৌধুরী পরিচালিত ‘খোঁজ দ্য সার্চ’ ছবির মাধ্যমে ঢালিউডে নাম লেখান তিনি।
সেই ছবিতে নায়িকা হিসেবে নিয়ে আসেন নিজের সহধর্মিণী বর্ষাকেও। শুরু থেকেই বিগ বাজেটের ছবি দর্শকদের উপহার দিতে থাকেন নায়ক-প্রযোজক অনন্ত। একে একে তার অভিনীত ‘হৃদয় ভাঙ্গা ঢেউ’, ‘দ্য স্পীড’, ‘মোস্ট ওয়েলকাম’, ‘মোস্ট ওয়েলকাম টু’, ‘নিঃস্বার্থ ভালোবাসা’ ছবিগুলো মুক্তি পায়।
ক্যারিয়ারের শুরু থেকেই নাম্বার ওয়ান চিত্রনায়ক শাকিব খানের সাথে সেরা নায়ক হওয়ার প্রতিদ্বন্দ্বিতায় নামেন অনন্ত। বিভিন্ন সময়ে একে অপরকে নিয়ে তারা দুজন কটূক্তিও করতে পিছপা হননি। এমনকি অনন্তকে পাগল বলায় শাকিবের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। কিন্তু বরাবরই আলোচনায় থেকেও শাকিব খানের জনপ্রিয়তার কাছে হেরে গেছেন অনন্ত। এই যেমন গেল বছর রোজার ঈদে শাকিব খান প্রযোজিত ও অভিনীত ‘হিরো দ্য সুপারস্টার’ ছবির কাছে অনন্তর ‘মোস্ট ওয়েলকাম টু’ ছবিটি দাঁড়াতেই পারেনি। যদিও কয়েকটি সিনেপ্লেক্সে তার অভিনীত ছবিটি ভালোই চলেছে।
তবে ছবির বাজেটের টাকা এই কয়েকটা সিনেমা হল দিয়ে তুলে আনা সম্ভব না, এটা দিনের আলোর মতো পরিষ্কার। তাই হয়তো একের পর এক লোকসানের পর আর নতুন ছবি নির্মাণ করেননি অনন্ত। দীর্ঘদিন ধরে ঘোষণাই দিয়ে চলেছেন ‘দ্য স্পাই’ নামের একটি সিনেমা নির্মাণের।
সম্প্রতি একটি টেলকো কোম্পানির সাথে যুক্ত হয়েছেন তিনি। ছবির জন্য ২২ জন নতুন মুখের সন্ধান করতে চাইছেন। সত্যিকার অর্থে সেটি শিল্পী সঙ্কটের স্বার্থে নাকি অনন্ত নিজেকে ফের আলোচনায় রাখতেই এই ক্যাম্পেইনের আয়োজন এমন প্রশ্ন সিনেমা পারায় ভাসছে।
এদিকে গেল কোরবানি ঈদে তার কোন ছবির মুক্তি পায়নি। আগামী কোরবানি ঈদ পর্যন্ত অনন্তর কোন ছবি মুক্তি পাওয়ার সম্ভাবনাও নেই। অপরদিকে তার প্রধান প্রতিদ্বন্দ্বী শাকিব খান একের পর এক হিট সুপারহিট ছবি উপহার দিয়েই যাচ্ছেন। আসছে ঈদেও শাকিবের ‘লাভ ম্যারেজ’ ও ‘আরও ভালবাসবো তোমায়’ দুটি ছবি মুক্তি পাচ্ছে। কোরবানি ঈদেও শাকিব অভিনীত বিগ বাজেটের ছবি ‘সম্রাট দ্য কিং ইজ হিয়ার’ মুক্তি পেতে পারে বলে জানিয়েছেন ছবির পরিচালক মোস্তফা কামাল রাজ।
বাস্তবতা হলো, নিজেকে নানা হাস্যকর কর্মকাণ্ড আর চলচ্চিত্রের সংলাপে আলোচনায় রাখলেও অনন্ত দেশীয় সিনেমার দর্শকদের মাঝে নিজেকে গ্রহণযোগ্য করে তুলতে পারেননি। সবমিলিয়ে শাকিব আর অনন্তের যে দৌঁড় তাতে আপাতত শাকিবই এগিয়ে। আর নিজেকে মিডিয়া ডন ভাবা অনন্ত হেরে গেলেন জঘন্য ভাবেই।
এলএ